tanaka
প্রচ্ছদরাজনীতি‘আমরা কি আমলকি চুষব’, ভারতের মন্ত্রীর বক্তব্যে রিজভীর কড়া প্রতিক্রিয়া

‘আমরা কি আমলকি চুষব’, ভারতের মন্ত্রীর বক্তব্যে রিজভীর কড়া প্রতিক্রিয়া

ভারতের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিম্নপর্যায়ের কর্মীর বক্তব্য নয়, একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।’

তিনি বলেন, ‘আমরা সেই জাতি, যাদের ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। সেখানে ভারতের একজন মন্ত্রী বলছেন, ১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকি চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি তা দখল করতে পারবে না।’

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁর ‘রক্তের নেশা’ এখনো কাটেনি বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এর প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

রিজভীর অভিযোগ, সেখান থেকে নির্দেশনা পেয়ে দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্ট অংশের নেতাকর্মীরা বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমায় অগ্নিসংযোগ, হাসপাতালে হামলা এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এ পর্যন্ত বিএনপির তিনজন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ পরিস্থিতির মধ্যেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে এসে তারেক রহমান দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। সেই অর্জনকে কলঙ্কিত করতে নানা ধরনের চেষ্টা চলছে।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি সহিংসতার পথ বেছে নিলেও সরকার পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত কিংবা নির্মমভাবে ব্যবহার করছে না। সরকার সহনশীল অবস্থান বজায় রেখে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিলটন ও সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।