tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদজাতীয়এখনো আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, ১০ মাসে ৪৮৪ হামলা

এখনো আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, ১০ মাসে ৪৮৪ হামলা

চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। আগের দুই বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা কমলেও হামলা বন্ধ হয়নি। জনবল ও আধুনিক সরঞ্জামের সংকট, প্রশিক্ষণের ঘাটতি এবং জনগণের আস্থা ফেরানোর চ্যালেঞ্জও রয়ে গেছে। সব মিলিয়ে পুলিশ সদস্যদের নিরাপত্তা ও মনোবল নিয়ে উদ্বেগ কাটছে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশের যে সংস্কার ও শুদ্ধি অভিযান প্রয়োজন ছিল, তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে পুলিশকে আবারও রাজনৈতিকভাবে কিংবা ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে, যা বাহিনীর সদস্যদের নতুন করে ঝুঁকির মুখে ফেলছে।

অন্যদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি, পুলিশ সদস্যদের ওপর হামলার সংখ্যা কমে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে। মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বাড়াতে সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

১০ মাসে পুলিশের ওপর ৪৮৪ হামলা

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে।

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৪২টি, ফেব্রুয়ারিতে ৪২টি, মার্চে ৬৩টি, এপ্রিলে ৬৬টি, মে মাসে ৫৫টি, জুনে ৪৯টি, জুলাইয়ে ৪২টি, আগস্টে ৪১টি, সেপ্টেম্বরে ৪০টি এবং অক্টোবরে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে।

তবে আগের দুই বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা কম। ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পুলিশ সদস্যদের ওপর ৫৩১টি এবং ২০২৪ সালের একই সময়ে ৫৫০টি হামলার ঘটনা ঘটেছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশে নজিরবিহীন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই বছরের জুলাই মাসেই পুলিশ সদস্যদের ওপর ১৭০টি হামলার ঘটনা ঘটে।

আলোচিত কয়েকটি হামলার ঘটনা

চলতি বছরের ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। সড়কে অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরে নিজ বাসার কাছেই হামলার শিকার হন তিনি।

এর আগে ১৬ জুন রাজধানীর আদাবরে পুলিশের অভিযানের সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আহত হন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও এসআই তরুণ। ২৩ জুলাই রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন এসআই মো. ওসমান গনি। একইভাবে ১৭ সেপ্টেম্বর ভোরে কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের হামলার শিকার হন থানার ওসি মো. মাহবুবুর রহমান ও এসআই মো. আশিক।

গত ২৫ মার্চ রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ আট পুলিশ সদস্যকে মারধর করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে ২২ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় গত ২৫ জুলাই রাতে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ আগস্ট বিকেলে অস্ত্রধারী মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হন।

এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরে ৪ জুলাই রাতে মাদক কারবারিদের হামলায় আহত হন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য। জামালপুরের মেলান্দহে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন চার পুলিশ সদস্য। নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১১ আগস্ট জমিসংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

‘লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার পুলিশকে ঝুঁকিতে ফেলছে’

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জাগো নিউজকে বলেন, পুলিশ সদস্যরা সরকারি কর্মচারী হওয়ার পাশাপাশি দেশের নাগরিকও। প্রচলিত আইনে অন্য নাগরিকদের মতো তাদেরও বেআইনি আঘাত থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়া বা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলার ক্ষেত্রে দণ্ডবিধিতে পৃথক অপরাধ ও শাস্তির বিধান রয়েছে।

তিনি বলেন, আইন কেবল আইনের কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে রাজনীতিরও সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের আগে ও পরে পুলিশের যে সংস্কার প্রয়োজন ছিল, তা হয়নি। অন্তর্বর্তী সরকারও বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারেনি।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পুলিশের মধ্যে যারা নিরপরাধ এবং কোনো অপরাধ বা নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন ছিল। পাশাপাশি বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানোও জরুরি ছিল। অতীতে হত্যাকাণ্ড ও নিপীড়নের সঙ্গে জড়িত থাকার কারণে পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা রাজনৈতিকভাবে মোকাবিলা ও সমাধান করা হয়নি। বর্তমান নির্বাচিত সরকারও পরিস্থিতির যথাযথ সমাধান করতে পারছে না।

তার মতে, পুলিশকে রাজনৈতিকভাবে কিংবা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের প্রবণতা আবারও দেখা যাচ্ছে। এতে বাহিনীর সদস্যরা নতুন করে ঝুঁকির মুখে পড়ছেন, যা সরকারের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে না।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে কয়েক দিন পুলিশ অনুপস্থিত বা নিষ্ক্রিয় থাকায় দেশে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। এতে স্পষ্ট হয়েছে, পুলিশ ছাড়া রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই পুলিশকে জবাবদিহি ও নিয়ন্ত্রণের মধ্যে রেখে ক্ষমতার অপব্যবহার এবং নির্যাতন বন্ধ করার পাশাপাশি সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই আইনজীবীর মতে, উদ্দেশ্যপ্রণোদিত হামলা বন্ধ করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; রাজনৈতিক পর্যায় থেকেও কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

‘কিছু সুযোগসন্ধানী ও অপরাধী সুযোগ নিচ্ছে’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জাগো নিউজকে বলেন, গত ১৭ বছর পুলিশকে রাষ্ট্রের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে পুলিশ গুলি করে মানুষ হত্যা না করা এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাওয়ায় জনগণের আস্থা ধীরে ধীরে ফিরছে।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। ফলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং জনগণও সেবা পাচ্ছে।

পুলিশের ওপর হামলার বিষয়ে শামীমা পারভীন বলেন, মাঠপর্যায়ে সংঘটিত হামলার বেশির ভাগই মব, নাশকতাকারী কিংবা নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যদের মাধ্যমে ঘটছে। পাশাপাশি পুলিশ আগের মতো গুলি চালিয়ে মানুষ হত্যা করবে না—এ বিষয়টি বুঝে অপরাধ দমনের সময় কিছু সুযোগসন্ধানী ও অপরাধী পরিস্থিতির সুযোগ নিচ্ছে।

বাহিনীর কার্যক্রমের সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় কিছুটা ধীরগতির কথা স্বীকার করে তিনি বলেন, এ জন্য কাউকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। বিপুলসংখ্যক মামলা, জনবলসংকট এবং পুলিশের বহুমুখী দায়িত্বের কারণে অনেক সময় দ্রুত তদন্ত শেষ করা কিংবা আদালতে শুনানির তারিখ পেতে বিলম্ব হয়। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা রয়েছে এবং এ বিষয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, সাইবার ও প্রযুক্তিনির্ভর অপরাধ এবং সাম্প্রতিক মব সহিংসতার মতো নতুন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের ঘাটতি রয়েছে। প্রাণঘাতী নয়, এমন আধুনিক সরঞ্জাম বাড়ানো গেলে পুলিশ আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।

‘হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

কামারুম মুনিরা আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের সতর্কতা, পেশাদারত্ব ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মনোবল বাড়াতে চলছে নিয়মিত প্রশিক্ষণ

পুলিশের মনোবল ফিরিয়ে আনার বিষয়টি গত ১৫ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকেও আলোচনায় আসে।

বৈঠকে কমিটির সদস্য আব্দুল বাতেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পুলিশের অবকাঠামো ও যানবাহনের ক্ষতির পাশাপাশি সদস্যদের মনোবল এবং মানসিক অবস্থার ওপরও বড় ধরনের প্রভাব পড়েছে। পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনতে বিশেষ প্রশিক্ষণ এবং বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে কি না, সে বিষয়ে তিনি জানতে চান।

জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পুলিশের মনোবল বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মব সহিংসতার কারণে পুলিশকে দায়িত্ব পালনে বিভিন্ন বাধা ও বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্র সচিব আরও জানান, থানায় পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে পুলিশের ওপর হামলার সংখ্যা আগের তুলনায় কিছুটা কমলেও নিরাপত্তা, জনবল, প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। একই সঙ্গে বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, জবাবদিহি নিশ্চিত করা এবং সদস্যদের পেশাগত নিরাপত্তা প্রতিষ্ঠা করাই এখন পুলিশের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।