tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত, ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা ভারী বৃষ্টির কারণে একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে উদ্ধারকারী দলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার টানা বৃষ্টির কারণে পাশের নদীর পানি বৃদ্ধি পেয়ে উপচে খনির ভেতরে প্রবেশ করে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

উদ্ধারকর্মীদের খনির সরু ও প্রায় ১০০ মিটার গভীর গর্তে নেমে অভিযান চালাতে হচ্ছে। পর্যাপ্ত আলোর অভাব, পিচ্ছিল পথ ও কাদামাটির কারণে উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে তাদের।

দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কাজে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, খনিতে পানি প্রবেশের আগেই ১১ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার কর্তৃপক্ষ খনির ভেতরে শ্রমিক আটকে পড়ার খবর পায়।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই খনিদুর্ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব এবং নিয়মকানুন না মানার কারণে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বেশি থাকে।