tanaka
প্রচ্ছদজাতীয়টিকাদানের পরও থামছে না হামের সংক্রমণ, কার্যকারিতা নিয়ে প্রশ্ন

টিকাদানের পরও থামছে না হামের সংক্রমণ, কার্যকারিতা নিয়ে প্রশ্ন

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। একের পর এক টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সরকারের পক্ষ থেকে বিপুলসংখ্যক শিশুকে টিকার আওতায় আনার দাবি করা হলেও সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। এতে হামের টিকার কার্যকারিতা এবং টিকাদান কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে।

সরকারি হিসাব অনুযায়ী, আগস্ট থেকে দেশে হামের সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর সেপ্টেম্বর থেকে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে নতুন করে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতসব কার্যক্রমের পরও সংক্রমণ ও মৃত্যু না কমায় টিকাদানের প্রকৃত কভারেজ, মাঠপর্যায়ের ব্যবস্থাপনা এবং টিকার মান নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, টিকাদানের হার নিয়ে সরকারি হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে টিকা প্রয়োগের পদ্ধতি, সংরক্ষণব্যবস্থা ও কার্যকারিতা নিয়েও গবেষণা প্রয়োজন।

দেশের ইতিহাসে চলতি বছরই হামে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৩৬১ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। মৃতদের প্রায় সবাই শিশু।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এরই মধ্যে তিন ধাপে টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে সরকার। গত ৫ এপ্রিল প্রথমে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু হয়। এরপর ১২ এপ্রিল চারটি সিটি করপোরেশন এলাকায় কর্মসূচি সম্প্রসারণ করা হয়। সবশেষে ২০ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। ওই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে টিকা দেওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

তবে পরবর্তী সময়ে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির তথ্যের সঙ্গে হামের টিকাদানের হিসাবের বড় ব্যবধান ধরা পড়ে। এতে টিকাদানের প্রকৃত কভারেজ নিয়ে প্রশ্ন তৈরি হয়।

হামের টিকাদান এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি—দুটিরই লক্ষ্য ছিল ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়। অন্যদিকে, হামের টিকাদানের হিসাবের সঙ্গে এ সংখ্যার ব্যবধান ছিল প্রায় ৪৩ লাখ।

এ পরিস্থিতিতে বাদ পড়া শিশুদের নতুন করে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় ৩৪ লাখ শিশুকে শনাক্ত করে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ১৭ নভেম্বরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ২ কোটি ১৮ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে এখনো প্রায় ৩ লাখ শিশু টিকার বাইরে রয়েছে।

যদিও টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচির হিসাবের ভিত্তিতেই এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

টিকাদানের উচ্চ কভারেজের দাবি এবং সংক্রমণ পরিস্থিতির মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরেছেন বিশেষজ্ঞরাও। রোগতত্ত্ববিদ ও জাতীয় হাম-রুবেলা নির্মূল যাচাই কমিটির (এনভিসি) চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, টিকাদানের কভারেজের বিষয়ে যেভাবে তথ্য দেওয়া হচ্ছে, তাতে হাম সংক্রমণ কমে আসার কথা ছিল। কিন্তু বাস্তবে তেমনটি দেখা যাচ্ছে না। তাই টিকাদানের ক্ষেত্রে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি হচ্ছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ইপিআইয়ের মাঠপর্যায়ে প্রায় ২০ হাজার কর্মীর সংকট রয়েছে। এত বিপুলসংখ্যক জনবল ঘাটতি নিয়ে কার্যকর ও সফল টিকাদান কর্মসূচি পরিচালনা করা কঠিন।

ইপিআইয়ের তথ্য অনুযায়ী, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে মোট ১০টি টিকা দেওয়া হয়। এর মধ্যে হামের টিকা রয়েছে দুই ডোজ। প্রথম ডোজ দেওয়া হয় শিশুর ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে।

তবে চলতি বছরের প্রাদুর্ভাব এবং আক্রান্ত শিশুদের বয়স বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে এবার ছয় মাস বয়সী শিশুদেরও হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সব মিলিয়ে টিকাদান কর্মসূচির আওতা বাড়ানো হলেও সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় কর্মসূচির বাস্তবায়ন, টিকার প্রকৃত কভারেজ এবং মান যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, শুধু টিকা দেওয়ার পরিসংখ্যান প্রকাশ করলেই হবে না; মাঠপর্যায়ে কত শিশু প্রকৃতপক্ষে টিকা পেয়েছে এবং টিকা দেওয়ার পরও কেন সংক্রমণ হচ্ছে, তা অনুসন্ধান করা জরুরি।