বাংলাদেশের টেক্সটাইল খাতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। স্থানীয় ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি। কারখানাটিতে সমন্বিত স্পিনিং ইউনিটও থাকবে। এ প্রকল্পে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রস্তাবিত কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার। রপ্তানিমুখী এ শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম ২০২৮ সালের প্রথম প্রান্তিকে শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সালে প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার যাত্রা শুরু হয়। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
সানকোর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা পৌঁছেছে। এ ছাড়া তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে ইসকো।
ইনভেস্ট বাংলাদেশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তাঁরা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০ কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
অন্যদিকে, স্থানীয় যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ সময় ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।
সংস্থাটি জানায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। ধারাবাহিক যোগাযোগ, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রকল্পটি এগিয়ে নিতে ভূমিকা রেখেছে ইনভেস্ট বাংলাদেশ।
ইনভেস্ট বাংলাদেশের আশা, এ বিনিয়োগের ফলে দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে। বিশেষ করে ডেনিম উৎপাদনের পাশাপাশি সুতা উৎপাদনের ব্যবস্থা থাকায় স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতেও প্রকল্পটি অবদান রাখবে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।



