tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ছাত্রদের আগের নিয়ম অনুযায়ী দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।

আবেদন করতে হবে যেভাবে

উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া হলো—

১. প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

২. ফরমে শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করবে।

৪. যাচাই শেষে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে (HSP-MIS) অন্তর্ভুক্ত করা হবে।

৫. পরে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে।

আবেদনের শেষ সময় কবে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা।

অন্যদিকে, উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না। তাই আবেদন, তথ্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।

উপবৃত্তির টাকা যেভাবে পাবেন

সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ তাদের নিজস্ব অথবা অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে।

যেসব ছাত্রী আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় রয়েছেন অথবা যাদের তথ্য HSP-MIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত আছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন হবে না।

তবে যেসব ছাত্রী এখনো উপবৃত্তি পাননি, তাদের অথবা অভিভাবকদের নির্ধারিত নিয়ম অনুসারে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে হিসাবের তথ্য ও পরিচয়সংক্রান্ত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগ

উপবৃত্তির আবেদন ফরম, সংশোধিত নির্দেশনা ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

ওয়েবসাইট: pmeat.gov.bd

এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকেও আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।

প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করা যাবে—

  • ০১৯১৬৬৫৮২৩০
  • ০১৩১৬৬৫৮৫২৯