বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে পরিচালিত তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। তদন্তের ভিত্তিতে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) নতুন শুল্কের যে প্রস্তাব দিতে পারে, তা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে কার্যকর থাকা শুল্কের সঙ্গে যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের বাতিল করা শুল্কের একটি অংশের বিকল্প হিসেবেও এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।
দেশভেদে ভিন্ন হতে পারে শুল্কের হার
নতুন করে কী পরিমাণ শুল্ক আরোপ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হতে পারে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত করছে ইউএসটিআর। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিগুলোতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কসীমা বজায় রাখতে পারে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।
এ ছাড়া ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতি (ট্রেড ট্রুস) বাড়ানো হলে চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত ২০ শতাংশ শুল্কসীমাও বহাল থাকতে পারে। তবে বাণিজ্য বিরতির মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত শিল্প সক্ষমতার কারণে নতুন শুল্কের হার আরও বাড়তে পারে।
প্রস্তাবিত শুল্ক নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস।
বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানিয়েছেন, তদন্তের ফলাফলে একটি বিস্তারিত প্রতিবেদন আসতে পারে। এতে ১৬টি বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্কসংক্রান্ত ব্যবস্থা প্রস্তাব করা হতে পারে। আইনবিষয়ক প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদারের ধারণা, বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।
এ শুল্কের সঙ্গে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগের বিষয়ে পৃথক তদন্তের আওতায় আগে থেকে আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। তবে উৎপাদন সক্ষমতার অতিরিক্ত চাপ কমাতে সংশ্লিষ্ট দেশগুলো কার্যকর পদক্ষেপ নিলে তুলনামূলক কম শুল্ক আরোপের সুযোগ রাখা হতে পারে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তও প্রস্তাবে থাকতে পারে।
তদন্তের আওতায় বাংলাদেশসহ যেসব দেশ
যুক্তরাষ্ট্রের এই তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকেও তদন্তের আওতায় রাখা হয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে ইউএসটিআর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে এই তদন্ত শুরু করে। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পৃথক আরেকটি তদন্ত শুরু হয়।
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর নতুন আইনি কাঠামোর আওতায় এসব শুল্ক পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিশ্ববাজারে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস চীন। দেশটির উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ বিভিন্ন পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে মনে করছে ওয়াশিংটন। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের রপ্তানি সক্ষমতা মূলত প্রতিযোগিতামূলক উৎপাদনের ফল।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য উৎপাদন এবং আগের মার্কিন শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগকেও তদন্তের আওতায় আনা হয়েছে।
১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় চীনা পণ্যে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে নতুন করে আরোপিত শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর জোরপূর্বক শ্রমবিরোধী ব্যবস্থার আওতায় ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে আরও ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে।
এ ছাড়া দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত পণ্য আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও আলোচনা ও কাজ করছে ওয়াশিংটন ও বেইজিং।



