tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনএসএসসিতে মেধাবী ১ হাজার ৫০০ শিক্ষার্থী পাচ্ছে ল্যাপটপ, বিতরণ ২০২৭ সালে

এসএসসিতে মেধাবী ১ হাজার ৫০০ শিক্ষার্থী পাচ্ছে ল্যাপটপ, বিতরণ ২০২৭ সালে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এ ল্যাপটপ দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত করা হবে। পাশাপাশি সমান নম্বর পাওয়াদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা করছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্বাচনি ইশতেহারে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে।

প্রথম ধাপে ১ হাজার ৫০০ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ৪০ হাজার জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে পর্যায়ক্রমে কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে।

এ কর্মসূচিতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ল্যাপটপ বিতরণের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্য

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বাসসকে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাবে।

প্রতিটি ল্যাপটপের মান ও কনফিগারেশনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে এসব ল্যাপটপ হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, শুধু জিপিএ-৫ পাওয়াই ল্যাপটপ পাওয়ার একমাত্র শর্ত নয়। শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিভাগভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভাগ ও পরীক্ষার্থীর সংখ্যার অনুপাতে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরি শিক্ষায় এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ জানান, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় নিয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে।

সূত্র: বাসস