মিস ইউনিভার্সের ৭৫তম আসরে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেতো। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো মা হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন এই মনোবিজ্ঞানী ও সমাজকর্মী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের জোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে জমকালো আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।
জেনিফার ব্যারেতো ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোশের স্থলাভিষিক্ত হয়েছেন। এবারের বিশেষ আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ২০২৩ সালে প্রতিযোগিতার নিয়মে পরিবর্তন এনে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেয়। সেই পরিবর্তনের পর এবারই প্রথম কোনো মা এই প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট জিতলেন। আর সেই ইতিহাসের অংশ হলেন জেনিফার।
জ্যঁ কার্লোস ব্যারেতোর স্ত্রী জেনিফার সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা। তার মেয়ের নাম পেনেলোপে। প্রতিযোগিতার পুরো যাত্রায় স্বামী ও মেয়ের কাছ থেকে সমর্থন পেয়েছেন তিনি।
চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের যুগে মানুষের কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি ধরে রাখা জরুরি—এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চললেও মানুষের নিজস্ব মূল্যবোধ ও নীতিতে অটল থাকা প্রয়োজন।
নেতৃত্বের বিষয়ে করা আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান বিশ্বে এমন নেতৃত্ব প্রয়োজন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি সহমর্মিতা এবং মানুষের প্রয়োজন বোঝার সক্ষমতা থাকবে।
সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ থেকেই মানসিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছেন জেনিফার। যুক্তরাষ্ট্রের কেনটাকি থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার সামরিক পরিবারের সদস্যদের সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
মিস ইউনিভার্সের বৈশ্বিক মঞ্চকে কাজে লাগিয়ে নারীদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সুস্থতা ও সামাজিক সচেতনতা নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চান জেনিফার।
মজার বিষয় হলো, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে র্যাম্পে হাঁটার কোনো অভিজ্ঞতাই ছিল না তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটেন তিনি। এরপর অল্প সময়ের প্রস্তুতিতে জাতীয় পর্যায়ের শিরোপা জিতে বিশ্বমঞ্চে পুয়ের্তো রিকোর প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আসরটি বিশেষভাবে আয়োজন করা হয়। এ উপলক্ষে তৈরি করা নতুন মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। ১৮ ক্যারেট সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।



