tanaka
প্রচ্ছদখেলাইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে এখনো আক্ষেপে পেপ গার্দিওলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে এখনো আক্ষেপে পেপ গার্দিওলা

দীর্ঘদিনের ব্যস্ত কোচিং জীবন থেকে সাময়িক বিরতি নিয়েছেন পেপ গার্দিওলা। তবে ভবিষ্যতে আবারও ডাগআউটে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এবার ক্লাব ফুটবলের পরিবর্তে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ। তবে অতীতে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখনো আক্ষেপ রয়েছে তার।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর ব্যক্তিগত চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইতালির প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ তুলে ধরেন গার্দিওলা। তিনি জানান, ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর শারীরিক ও মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন অনুভব করেছিলেন। এ কারণেই ইতালির মতো দলের দায়িত্ব নেওয়ার সুযোগ থাকলেও তখন রাজি হননি।

২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১০ বছর ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করেছেন ৫৫ বছর বয়সি এই স্প্যানিশ কোচ। তার অধীনে দলটি ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে।

ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, বিষয়টি নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা বলছেন তিনি। তার ভাষায়, ইতালির মতো একটি দেশের জাতীয় দলের দায়িত্ব প্রত্যাখ্যান করা ছিল বিব্রতকর। এমন সম্মানজনক দায়িত্ব তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হতে পারত। তবে তখন তার মনে হয়েছিল, কোচিং থেকে কিছুদিন বিরতি নেওয়া প্রয়োজন। দুই বছর আগে প্রস্তাবটি এলে হয়তো তিনি গ্রহণ করতেন বলেও জানান।

গার্দিওলা আরও বলেন, পাওলো মালদিনি ও লিওনার্দোর মতো ব্যক্তিত্বরা তার সঙ্গে যোগাযোগ করলেও বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি। দীর্ঘ ১৮ বছরের কোচিং ক্যারিয়ারে প্রায় প্রতি তিন দিন পরপর ম্যাচের প্রস্তুতি নিতে হয়েছে তাকে। ব্যস্ত সূচি ও নিয়মিত দায়িত্বের মধ্যে নিজের জন্য সময় বের করার সুযোগও ছিল সীমিত। তাই বিরতি নেওয়াকেই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন তিনি।

ভবিষ্যতে কোথায় কোচিংয়ে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয় গার্দিওলা। তবে এবার এমন কোনো দলের দায়িত্ব নিতে চান, যাদের আগে কখনো প্রশিক্ষণ দেননি। এ ক্ষেত্রে জাতীয় দলই তার সম্ভাব্য পছন্দ বলে জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছেন মরিসিও পচেত্তিনো। তার বিদায়ের পর যুক্তরাষ্ট্রের নতুন কোচ হিসেবে গার্দিওলার নামও আলোচনায় এসেছিল। তবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছিল, তাকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করার মতো পরিস্থিতি তখনো তৈরি হয়নি। এ বিষয়ে পচেত্তিনোর কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য গার্দিওলার এটাই উপযুক্ত সময়।

তবে আপাতত কোচিংয়ে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়া নেই গার্দিওলার। বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই কোচের ইচ্ছা, ভবিষ্যতে ফিরলেও নিজের পছন্দ ও উপযুক্ত সুযোগ বিবেচনা করেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততা থেকে পাওয়া বিরতিটা এখন উপভোগ করছেন তিনি।