tanaka
প্রচ্ছদখেলাবিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের পরিকল্পনা করেছিল ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য হস্তান্তরের পরিকল্পনা করেছিল ফিফা

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব দীর্ঘ ৯৬ বছরের জন্য একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য ছিল ফিফার। এ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিল সংস্থাটি। তবে ফিফার অভ্যন্তরীণ মহল ও সদস্য দেশগুলোর তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়।

বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েন ইনফান্তিনো। পরে নিজের অবস্থানের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদে থাকার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার নেতৃত্ব নিয়ে ফুটবলবিশ্বে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার সামনে এসেছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব হস্তান্তরের গোপন পরিকল্পনার নথি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনায় এসব নথির তথ্য প্রকাশিত হয়। এতে ফিফা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত উঠে এসেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন বিনিয়োগকারী জশুয়া কুশনার।

নথি অনুযায়ী, প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’ (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। পুরুষদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহেই নিউইয়র্কে এ-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতিও নিচ্ছিল ফিফা। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মাত্র নয় দিন পর গোপন এ উদ্যোগের তথ্য প্রকাশ্যে আসে। এরপর ফিফার শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি থেকে সরে আসেন ইনফান্তিনো।

ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, চুক্তির কাঠামো তৈরির প্রক্রিয়ায় সংস্থাটির অর্থ বিভাগের কর্মকর্তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না।

পরিকল্পনা অনুযায়ী, মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানটি গঠন করে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব সেখানে হস্তান্তর করার কথা ছিল। এরপর পরবর্তী ৯৬ বছর প্রতিষ্ঠানটি এসব স্বত্ব বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ পেত।

কুশনারের প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা

থ্রাইভ ক্যাপিটালকে প্রধান বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করার আগে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হলেও আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হয়নি। ফাঁস হওয়া নথিতে এ সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করা হয়েছে।

ফিফার ব্যাখ্যা ছিল, প্রস্তাবিত বিনিয়োগের ধরন ছিল বিশেষ ও ব্যতিক্রমী। তাই প্রচলিত দরপত্র প্রক্রিয়া অনুসরণ না করে সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছিল।

নথিতে আরও বলা হয়েছে, ১৭ জুলাই থ্রাইভ ক্যাপিটাল ‘প্রজেক্ট বক্স’ নামে একটি পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে সমঝোতামূলক নথি তৈরি করে। এতে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

প্রস্তাব অনুযায়ী, এফএফইর নির্বাহীদের বোনাস নির্ধারণের দায়িত্ব থাকত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের হাতে। আর ওই পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল সে সময়ের ফিফা সভাপতি ইনফান্তিনোর।

ফিফার বক্তব্য

তবে এ বিষয়ে ফিফার বক্তব্য ভিন্ন। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ব্যবসায়িক কাঠামোয় ব্যবস্থাপনা প্রণোদনার ব্যবস্থা থাকা স্বাভাবিক। তবে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হতো না।

ফিফার দাবি, সদস্য ফেডারেশনগুলোই সংস্থাটির প্রকৃত মালিক। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও প্রস্তাবিত পরিকল্পনার মাধ্যমে তাদের অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগ তৈরি হওয়ার কথা ছিল না।