tanaka
প্রচ্ছদখেলাটেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, ২৮ ধাপ এগিয়ে ৩৩তম

টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, ২৮ ধাপ এগিয়ে ৩৩তম

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও দুর্দান্ত শতক হাঁকিয়ে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়েছেন তিনি। মাত্র চারটি টেস্ট খেলেই উঠে এসেছেন তালিকার ৩৩ নম্বরে।

আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে হৃদয়ের এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে তাঁর ১৩৭ রানের ইনিংস। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ডাবল সেঞ্চুরির ইনিংস। পরপর দুই টেস্টে এমন অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তাঁর।

হৃদয়ের পাশাপাশি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন লিটন দাসও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলে নয় ধাপ এগিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বর্তমানে ২৪তম স্থানে থাকা লিটনই বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার। তাঁর পরেই রয়েছেন হৃদয়।

অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ব্যাটারের। তিন ধাপ পিছিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন ৩৫তম স্থানে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে মুমিনুল হকের। ১৮ ধাপ হারিয়ে তিনি এখন রয়েছেন ৫৬ নম্বরে। বাংলাদেশের আর কোনো ব্যাটার সেরা ৫০-এর মধ্যে জায়গা পাননি।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান খুব একটা উল্লেখযোগ্য নয়। সেরা ২০-এ নেই কোনো বাংলাদেশি বোলার। তিন ধাপ পিছিয়ে ২৭তম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে তিন ধাপ উন্নতি করে ২৯ নম্বরে উঠে এসেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলায় দুই ধাপ পিছিয়ে ৩০তম অবস্থানে নেমেছেন তাইজুল ইসলাম।

তবে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মিরাজ। আইসিসির সর্বশেষ তালিকায় চার নম্বর স্থানেই রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এদিকে আন্তর্জাতিক টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋশভ পান্ত। তাঁর পরের অবস্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের সুবাদে ১৫তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন। বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার। দুই ধাপ এগিয়ে তিনি এখন ষষ্ঠ অবস্থানে রয়েছেন।