tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার প্রবণতা বাড়লেও কেন কমছে দাম

ব্যাংক ও বিনিয়োগকারীদের স্বর্ণ কেনার প্রবণতা বাড়লেও কেন কমছে দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিয়ে দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতায় ছেদ পড়েছে। ব্যাংক ও বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ কেনার আগ্রহ থাকলেও মূল্যবান এই ধাতুর বাজারদর এখন নিম্নমুখী। গত এক মাসে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। গত ২৩ অক্টোবর জুলাইয়ের পর প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বর্তমানে তা ৪ হাজার ৩০ ডলারের আশপাশে লেনদেন হচ্ছে।

গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল স্বর্ণ। সেই অবস্থান থেকে বর্তমানে দাম প্রায় ২৮ শতাংশ কম। এর আগে ২০২৫ সালে মূল্যবান ধাতুটির দাম বেড়েছিল ৬৪ শতাংশ। সাম্প্রতিক দরপতনের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বন্ডবাজার, সুদের হার এবং ডলারের শক্তিশালী অবস্থান।

চলতি সপ্তাহের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে সুদের হার স্থির রাখার পর গত সেপ্টেম্বরে তা ০ দশমিক ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

মর্নিংস্টারের মার্কিন অর্থনীতিবিদ প্রেস্টন ক্যাল্ডওয়েলের মতে, ফেড সুদের হার না বাড়ালেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ এখনো শেষ হয়নি। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছর পর্যন্ত তিন দফায় মোট ০ দশমিক ৭৫ শতাংশ সুদের হার বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাংকটি।

টি. রো প্রাইসের কমোডিটি বিভাগের প্রধান রিক ডি লস রেয়েস মনে করেন, উচ্চ সুদের হার স্বর্ণের দাম কমার অন্যতম প্রধান কারণ। তাঁর ব্যাখ্যায়, প্রকৃত সুদের হার বাড়লে ডলারের আকর্ষণ বৃদ্ধি পায়। অন্যদিকে স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীরা সুদবিহীন এই সম্পদের পরিবর্তে ডলারভিত্তিক বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে ওঠেন।

ক্রেডিট মিউচুয়াল এএমের পোর্টফোলিও ম্যানেজার শার্লট পিউরনের মতে, দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড মূল্যস্ফীতির প্রত্যাশার তুলনায় দ্রুত বাড়ছে। এতে প্রকৃত সুদের হারও ঊর্ধ্বমুখী হচ্ছে। পাশাপাশি ডলারের অস্থিরতা স্বর্ণের বাজারে বাড়তি চাপ তৈরি করছে।

মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত, জ্বালানির মূল্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাস বাজারে অস্থিরতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

জুপিটার গোল্ড অ্যান্ড সিলভার ফান্ডের পরিচালক নেড নেইলর-লেল্যান্ডও মনে করেন, স্বল্পমেয়াদি প্রকৃত সুদের হার বেড়ে যাওয়ায় হেজ ফান্ড ও বিভিন্ন ট্রেডার স্বর্ণ থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছেন।

বছরজুড়ে স্বর্ণের বিনিয়োগে ওঠানামা

তহবিল প্রবাহের পরিসংখ্যানেও স্বর্ণের বাজারে বড় ধরনের ওঠানামার চিত্র পাওয়া যায়। মর্নিংস্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছিল। কিন্তু মার্চে বিনিয়োগকারীরা সেখান থেকে ১২ দশমিক ৭ বিলিয়ন ডলার তুলে নেন। এটি ২০২৬ সালের সর্বোচ্চ মাসিক অর্থ প্রত্যাহারের ঘটনা। সব মিলিয়ে বছরের প্রথম ছয় মাসে স্বর্ণের ইটিএফ থেকে নিট ৪ বিলিয়ন ডলার বেরিয়ে যায়।

পরিস্থিতি বদলাতে শুরু করে আগস্টে। আর্থিক অনিশ্চয়তা এবং মার্কিন ট্রেজারি বিভাগের ১৯ আগস্ট দীর্ঘমেয়াদি বন্ড কেনার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর ডলারের অবমূল্যায়নের আশঙ্কা বাড়ে। এর প্রভাবে ওই মাসে স্বর্ণের ইটিএফে রেকর্ড ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে।

সেপ্টেম্বরে দেখা যায় আরও ব্যতিক্রমী চিত্র। একদিকে স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমে যায়, অন্যদিকে ফেড সুদের হার বাড়ায়। তা সত্ত্বেও ইটিএফ বিনিয়োগকারীরা নতুন করে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) এই পরিস্থিতিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছে। তাদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বৈশ্বিক ইটিএফে স্বর্ণের মজুত ৭০ টনের বেশি বাড়লেও ফিউচার মার্কেটে বড় ধরনের বিক্রির চাপের কারণে দাম কমে যায়।

গয়নার চাহিদা কমেছে, কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটাও মন্থর

শুধু বিনিয়োগ নয়, সরাসরি স্বর্ণ কেনার ক্ষেত্রেও চাহিদা কমার প্রবণতা দেখা যাচ্ছে। ডব্লিউজির তথ্য অনুযায়ী, উচ্চমূল্যের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে গয়নার জন্য স্বর্ণের চাহিদা কমে ২৭৮ টনে দাঁড়িয়েছে। মহামারির পর এটিই সর্বনিম্ন পরিমাণ। গত বছরের একই সময়ের তুলনায় চাহিদা কমেছে ১৭ শতাংশ। ভারতে এই পতনের হার ৬ শতাংশ।

ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বাজারের চাহিদা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চলতি বছর সেই প্রবণতায় কিছুটা ভাটা পড়েছে। ডব্লিউজিসির তথ্যমতে, তুরস্ক, রাশিয়া ও আজারবাইজানের বড় পরিসরে স্বর্ণ বিক্রির কারণে বছরের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৩৪৫ টন স্বর্ণ কিনেছে। ২০২২ সালের পর এটিই সর্বনিম্ন পরিমাণ।

তবে আগস্টে চীন, উজবেকিস্তান ও পোল্যান্ডের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন করে ৩৯ টন স্বর্ণ কেনে।

ডব্লিউজিসির ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া ৭৬টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ৮৯ শতাংশ মনে করে, আগামী ১২ মাসে বিশ্বব্যাপী স্বর্ণের রিজার্ভ বাড়বে। রিক ডি লস রেয়েসের মতে, চীনের মোট রিজার্ভে স্বর্ণের অংশ এখনো ১০ শতাংশের কম। বিপরীতে উন্নত অর্থনীতির দেশগুলোতে এ হার প্রায় ৩০ শতাংশ। ফলে দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে নেড নেইলর-লেল্যান্ডের। তাঁর মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার সঙ্গে বাজারদরের ওঠানামার সরাসরি সম্পর্ক নেই। প্রতিদিন প্রায় ৫০০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলারের স্বর্ণ লেনদেন হয়। তাই সরাসরি স্বর্ণ কেনাবেচার চেয়ে সিনথেটিক ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) চুক্তির মাধ্যমেই মূলত বাজারদর নির্ধারিত হয়।

স্বর্ণের দাম সামনে কোন পথে যেতে পারে?

স্বর্ণের ভবিষ্যৎ দাম নির্ধারণে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে বেশি, অর্থাৎ ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে ফেড আবারও সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৮৫ শতাংশ।

নেড নেইলর-লেল্যান্ডের ধারণা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ট্রেজারি বিভাগ বন্ডের ইল্ডের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিলে স্বর্ণের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা আবারও ফিরে আসতে পারে।

অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্কেয়ার প্রিভির যুক্তরাজ্য শাখার বিনিয়োগ সেবা বিভাগের প্রধান পিটার কিনসেলা স্বল্পমেয়াদে স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে বলে মনে করেন। তবে তাঁর মতে, মার্কিন ট্রেজারি বিভাগ তাদের সংরক্ষিত ২৬১ মিলিয়ন আউন্স স্বর্ণের মূল্য পুনর্মূল্যায়ন করলে বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিতে পারে।

বর্তমানে ১৯৭৩ সালের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকারি স্বর্ণের হিসাবি মূল্য প্রতি আউন্স ৪২ দশমিক ২২ ডলার। এ হিসাবে ২৬১ মিলিয়ন আউন্স স্বর্ণের কাগুজে মূল্য প্রায় ১১ বিলিয়ন ডলার। অথচ বর্তমান বাজারদরে এর মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

তবে স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন রিক ডি লস রেয়েস। তাঁর মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং ফেডকে ১৯৭০ বা ১৯৮০-এর দশকের মতো কঠোরভাবে সুদের হার বাড়াতে হলে স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদি মন্দা দেখা দিতে পারে। যদিও ২০২৭ সালের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করছেন তিনি।

সব মিলিয়ে, ২০২৬ সালের বাকি সময়ে স্বর্ণের বাজার নিয়ে সতর্ক অবস্থানের পরামর্শ দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংস্থাটির ধারণা, ২০২৫ সালের মতো ব্যাপক মূল্যবৃদ্ধি এবার আর নাও দেখা যেতে পারে।

তবে বাজার বিশ্লেষকদের মধ্যে আশাবাদও রয়েছে। স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান কিটকো মেটালসের সর্বশেষ সাপ্তাহিক জরিপে ওয়াল স্ট্রিটের ৫০ শতাংশ বিশ্লেষক আগামী দিনে স্বর্ণের দাম বাড়ার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে মাত্র ১৪ শতাংশ বিশ্লেষক দাম কমার আশঙ্কা করছেন। ফলে সুদের হার, ডলারের অবস্থান ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী দি