স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে বিষপান করেছিলেন আছিয়া বেগম (২৮)। ঘটনার পর একে একে মারা গেছেন মা ও তাঁর দুই সন্তান। সর্বশেষ বিষপানের ২০ দিন পর রোববার (২২ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহাওর।
এর আগে গত ৩ নভেম্বর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে বিষপান করেন আছিয়া। গুরুতর অবস্থায় তাঁদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
বিষপানের দিনই মারা যায় আছিয়ার ১৯ মাস বয়সী ছেলে জিসান। এর পাঁচ দিন পর, ৮ নভেম্বর মৃত্যু হয় আছিয়ার। সর্বশেষ তাবিয়ার মৃত্যুর মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি ঘটল।
এ ঘটনায় বেঁচে গেছে আছিয়ার ১০ বছর বয়সী বড় ছেলে দ্বীন ইসলাম। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় বিষপানের ঘটনা থেকে রক্ষা পায়। তবে মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন অসহায় অবস্থায় রয়েছে। ঘটনার পর থেকে তার বাবা আমিনুর শেখও পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের চাপ, তালাক দেওয়ার হুমকি এবং স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আছিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আছিয়াকে আসামি করে তাঁর স্বামীর পরিবারের পক্ষ থেকে আগে একটি মামলা করা হয়েছিল। আছিয়ার মৃত্যুর পর ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হবে। এখন দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলাটি পরিচালিত হবে।
ওসি আরও জানান, আমিনুর শেখের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে পৃথক মামলাও রয়েছে। তিনি বর্তমানে পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



