tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিশেয়ারবাজারে সূচকের বড় উল্লম্ফন, ডিএসইতে লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়াল

শেয়ারবাজারে সূচকের বড় উল্লম্ফন, ডিএসইতে লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়াল

সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়ায় প্রধান মূল্যসূচক ৫৯ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১ হাজার ২২০ কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বাজারটির সার্বিক মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে দেশের দুই শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস সূচকের উত্থান অব্যাহত রয়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে।

রোববার ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরে ইতিবাচক প্রবণতা দেখা যায়। এর প্রভাবে দিনের শুরুতেই সূচক বাড়তে থাকে। লেনদেনের শেষ সময় পর্যন্ত এ ধারা বজায় ছিল। বরং শেষদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধির গতি আরও তীব্র হয়।

দিন শেষে ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১০৫টির দর কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারের ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম বেড়েছে, ১০টির কমেছে এবং দুটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

এ ছাড়া বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৪১টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পাঁচটির দাম বেড়েছে, ১১টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসই শরিয়াহ এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি লেনদেনেও বড় পরিবর্তন এসেছে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই অঙ্ক ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সেই দিনের পর রোববারই সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে।

এদিন ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ টাকার। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে মোট ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।