পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও তা নিয়ে দুই দফা দীর্ঘ আলোচনা শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পক্ষ দুটি। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে বোর্ড।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বোর্ড চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভায় উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শিগগিরই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যা মঙ্গলবার হতে পারে।
মজুরি নির্ধারণের প্রস্তুতি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শনের তথ্যও তুলে ধরেন তিনি। জানান, ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন কারখানা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে বোর্ড। এসব তথ্য সভায় উপস্থাপন করা হয়েছে।
তবে মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান সৈয়দ আজাদ সুবহানী। তাঁর ভাষ্য, বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মজুরি বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
শ্রমিকদের উদ্দেশে বোর্ড চেয়ারম্যান বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনায় রেখেই মজুরি নির্ধারণ করা হবে। দেশের বর্তমান বাস্তবতা ও শ্রম আইনের বিধান অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বেআইনি বা অবাস্তব সুপারিশ করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
মজুরি নির্ধারণের আলোচনায় বাজারদর, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান চেয়ারম্যান। রপ্তানি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
অন্যদিকে, মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে যুক্তিসংগত মনে হয়নি বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব চূড়ান্ত নয়। শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়া পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের; এটি কোনো একক মালিক বা শ্রমিকের সিদ্ধান্তের বিষয় নয়। উৎপাদন বন্ধ রাখার পক্ষে তাঁরা নন। শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।
এদিকে শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে মন্তব্য করেছেন মালিক প্রতিনিধি এবিএম শামসুদ্দিন। পরিস্থিতি বোঝাতে তিনি বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’



