tanaka
প্রচ্ছদটপ নিউজঅবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উদ্যোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সীমান্তে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ পারাপার বন্ধ করা এবং দেশের স্বার্থ সুরক্ষায় পরিস্থিতি অনুযায়ী বিজিবির সতর্কতামূলক টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।