tanaka
প্রচ্ছদসারাদেশসার না পেয়ে ক্ষুব্ধ কৃষকের থাপ্পড়ে আহত উপসহকারী কৃষি কর্মকর্তা

সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকের থাপ্পড়ে আহত উপসহকারী কৃষি কর্মকর্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার পাননি অনেক কৃষক। এ নিয়ে ক্ষোভের একপর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও অনেক কৃষক সার পাননি। একপর্যায়ে দোকানের মজুত শেষ হয়ে গেলে বিষয়টি উপস্থিত কৃষকদের জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন কৃষক উত্তেজিত হয়ে দায়িত্ব পালনরত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব এলাকায় তা বণ্টন করা হবে।

তানিয়া তাবাসসুম আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের বরাদ্দের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে অবহিত করা হয়েছে।