শিশুদের ডায়াবেটিস নিয়ে অভিভাবকদের মধ্যে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, অতিরিক্ত চিনি খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কিংবা পরিবারের কারও ডায়াবেটিস থাকলেই শিশুর এ রোগ হতে পারে। তবে চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের ধরনভেদে এর কারণ ও ঝুঁকির বিষয়গুলো ভিন্ন। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত চিনি খাওয়া বা জীবনযাপনের সরাসরি কোনো সম্পর্ক নেই।
চিকিৎসকদের মতে, শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে রোগ শনাক্তে দেরি হতে পারে। এতে সময়মতো চিকিৎসা শুরু করা কঠিন হয়ে পড়ে এবং গুরুতর জটিলতার ঝুঁকিও বাড়ে। তাই এ রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকা জরুরি।
১. বেশি চিনি খেলেই কি শিশুদের ডায়াবেটিস হয়?
অনেকের ধারণা, অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাওয়ার কারণে শিশুদের ডায়াবেটিস হয়। তবে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে এ ধারণা সঠিক নয়।
টাইপ-১ ডায়াবেটিস মূলত একটি অটোইমিউন রোগ। এ অবস্থায় শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে আক্রমণ করে। ফলে শরীরে ইনসুলিন উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। অতিরিক্ত চিনি খাওয়া কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন এ রোগের সরাসরি কারণ নয়।
অন্যদিকে, টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অতিরিক্ত ওজন, বংশগত প্রবণতা এবং শারীরিক পরিশ্রমের অভাব এ রোগের ঝুঁকি বাড়াতে পারে।
২. শুধু অতিরিক্ত ওজনের শিশুদেরই কি ডায়াবেটিস হয়?
এ ধারণাও সঠিক নয়। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের ওজন স্বাভাবিক, কম কিংবা বেশি—যেকোনো ধরনের হতে পারে। এমনকি শারীরিকভাবে সক্রিয় ও রোগা শিশুরও এ রোগ হতে পারে।
অন্যদিকে, শিশু ও কিশোরদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্কিত হলেও শুধু ওজন দিয়ে রোগ নির্ণয় করা যায় না। বিশেষ করে বয়ঃসন্ধিকালে এ রোগ দেখা দিতে পারে। তাই শিশুর শারীরিক গঠন দেখে ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
৩. পরিবারে ডায়াবেটিস না থাকলে কি শিশুর এ রোগ হতে পারে না?
পরিবারের কারও ডায়াবেটিস থাকলে শিশুর এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তবে পারিবারিক ইতিহাস না থাকলেও শিশুদের ডায়াবেটিস হতে পারে।
চিকিৎসক সাজিলি মেহতার তথ্যমতে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ রোগীর পরিবারের অন্য কোনো সদস্যের এ রোগের ইতিহাস থাকে না। তাই পরিবারে ডায়াবেটিস না থাকলেও শিশুর মধ্যে রোগের লক্ষণ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।
৪. শিশুদের ডায়াবেটিসের লক্ষণ কি সব সময় স্পষ্ট হয়?
শিশুদের ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ শারীরিক সমস্যার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকরা বিষয়টি সহজে বুঝতে পারেন না।
এ রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
- ঘন ঘন প্রস্রাব হওয়া।
- অতিরিক্ত তৃষ্ণা পাওয়া।
- রাতে বিছানায় প্রস্রাব করা।
- অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা।
- হঠাৎ ওজন কমে যাওয়া।
বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে দ্রুত প্রকাশ পেতে পারে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু না হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের (ডিকেএ) মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে।
এ অবস্থায় বমি, পেটে ব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া এবং অতিরিক্ত তন্দ্রাভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে।
৫. রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হলে কি ইনসুলিন বন্ধ করা যায়?
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয়। চিকিৎসার ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করা যাবে না। কারণ, শরীরে ইনসুলিনের ঘাটতি তৈরি হলে দ্রুত গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
নিয়মিত ইনসুলিন গ্রহণ, রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিসে আক্রান্ত শিশুরাও অন্য শিশুদের মতো স্কুলে যেতে, খেলাধুলা করতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?
চিকিৎসকদের মতে, শিশুদের ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব না দেওয়া এবং চিকিৎসা নিতে দেরি করা।
কোনো শিশুর অস্বাভাবিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব কিংবা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে একই দিন রক্তে গ্লুকোজ পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অন্যদিকে, বমি, পেটে ব্যথা, দ্রুত বা গভীর শ্বাস নেওয়া কিংবা অস্বাভাবিক তন্দ্রাভাব দেখা দিলে তা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।
শিশুদের ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা দূর করা এবং প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকাই সময়মতো রোগ শনাক্ত ও জটিলতা প্রতিরোধের অন্যতম উপায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস



