tanaka
প্রচ্ছদসারাদেশসাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। তবে ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও দেখতে পান। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।