ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা আড়াল করে টোল আদায়ের হিসাব কম দেখানো, অর্থ আত্মসাৎ এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) এক্সপ্রেসওয়েটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে (এফডিইই) এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, প্রতিদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাব দেওয়ার সময় তার চেয়ে কম সংখ্যা উল্লেখ করা হচ্ছে। এর মাধ্যমে আদায়কৃত অর্থের একটি অংশ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। ওই প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে কম যানবাহন চলাচলের তথ্য দেখিয়ে টোল আদায়ের হিসাব দিচ্ছে।
এ ছাড়া যথাযথ অনুমোদন ছাড়াই টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও উঠে আসে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন পাঠায় পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে টোল আদায়ের প্রকৃত হিসাব যাচাইয়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। গত ২০ নভেম্বর অভিযোগগুলোর বিষয়ে এফডিইইর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। একই সঙ্গে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা সরাসরি গণনার জন্য লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত একটি প্রকল্প। এর তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। অন্যদিকে প্রকল্পটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড।
এ ছাড়া এক্সপ্রেসওয়ের টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেডের সম্পৃক্ততা নিয়েও এফডিইইর কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



