পর্যাপ্ত ঘুমের পরও শরীরে ক্লান্তি, ঘন ঘন পেটফাঁপা কিংবা হাত-পায়ের অস্থিসন্ধিতে আড়ষ্ট ভাব—এ ধরনের সমস্যাকে অনেকেই দৈনন্দিন জীবনের স্বাভাবিক অস্বস্তি মনে করে এড়িয়ে যান। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব উপসর্গ কখনো কখনো শরীরের ভেতরে চলমান দীর্ঘস্থায়ী প্রদাহের ইঙ্গিত দিতে পারে। ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ দীর্ঘদিন অব্যাহত থাকলে শরীরের বিভিন্ন কোষ ও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
সাধারণত শরীরে আঘাত লাগলে কিংবা কোনো সংক্রমণ দেখা দিলে রোগ প্রতিরোধ ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে ব্যথা, ফোলাভাব ও লালচে ভাব দেখা দিতে পারে। এ ধরনের সাময়িক প্রদাহ শরীরের নিরাময় প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তবে কোনো কারণে প্রদাহ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ কারা সোয়ানসন দীর্ঘস্থায়ী প্রদাহের কয়েকটি সম্ভাব্য লক্ষণ নিয়ে আলোচনা করেছেন। তাঁর আলোচনায় উঠে এসেছে এমন তিনটি উপসর্গ, যেগুলো নিয়মিত দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।
যে ৩টি লক্ষণে সতর্ক হবেন
১. পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি
রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি অনুভব করা, সারাদিন ঝিমুনি থাকা কিংবা কাজে মনোযোগ দিতে অসুবিধা হওয়া দীর্ঘস্থায়ী প্রদাহের সম্ভাব্য লক্ষণ হতে পারে। তবে শুধু প্রদাহই নয়, স্লিপ অ্যাপনিয়া এবং ভিটামিন বি১২ ও ডি৩-এর ঘাটতির কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে।
২. ঘন ঘন পেটফাঁপা
মাঝেমধ্যে গ্যাস বা পেটফাঁপা সাধারণ বিষয় হলেও নিয়মিত পেট ফুলে থাকা, হজমের সমস্যা কিংবা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। দীর্ঘস্থায়ী প্রদাহ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া খাদ্যাভ্যাসের অনিয়ম কিংবা নির্দিষ্ট খাবারের প্রতি অসহিষ্ণুতাও এ সমস্যার কারণ হতে পারে।
৩. অস্থিসন্ধিতে আড়ষ্টতা
সকালে ঘুম থেকে ওঠার পর আঙুল, হাঁটু কিংবা শরীরের অন্যান্য অস্থিসন্ধিতে জড়তা, ব্যথা বা ফোলাভাব অনুভূত হলে অবহেলা করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে কিছুক্ষণ হাঁটাচলা বা নড়াচড়া করার পর এ সমস্যা কমে আসে। তবে নিয়মিত এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। থাইরয়েডের সমস্যা, রক্তাল্পতা এবং অটোইমিউন রোগের কারণেও এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
কেন বাড়ে দীর্ঘস্থায়ী প্রদাহ?
বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দীর্ঘস্থায়ী প্রদাহের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, শরীরের অতিরিক্ত ওজন, দীর্ঘদিনের মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, ধূমপান, মদ্যপান এবং পরিবেশদূষণ এর অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ।
দীর্ঘমেয়াদে যেসব স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে
শরীরে দীর্ঘদিন প্রদাহ চলতে থাকলে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে রয়েছে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং কিছু ধরনের ক্যানসার। দীর্ঘস্থায়ী প্রদাহের সঙ্গে এসব রোগের সম্পর্ক থাকলেও প্রদাহের লক্ষণ দেখা দিলেই কেউ এসব রোগে আক্রান্ত হবেন, এমন নয়।
তাই শরীরে দীর্ঘদিন ধরে ক্লান্তি, পেটের সমস্যা কিংবা অস্থিসন্ধিতে ব্যথা ও আড়ষ্টতা থাকলে নিজে থেকে কোনো রোগ নির্ণয় না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমাতে সচেষ্ট হওয়া প্রয়োজন।



