tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনঅতীতের প্রেমের ব্যর্থতায় বিয়ে না করার সিদ্ধান্তকে ‘নির্বুদ্ধিতা’ বললেন শায়খ আহমাদুল্লাহ

অতীতের প্রেমের ব্যর্থতায় বিয়ে না করার সিদ্ধান্তকে ‘নির্বুদ্ধিতা’ বললেন শায়খ আহমাদুল্লাহ

অতীতের প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশা থেকে বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে বোকামি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। অতীতের স্মৃতি আঁকড়ে ধরে জীবন থামিয়ে না রেখে বাস্তবতা মেনে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে জীবনে যা ঘটেছে, তা মেনে নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।

একটি আলোচনা অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এক শ্রোতা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না থাকায় শেষ পর্যন্ত ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে তার বয়স ২৮ বছর। অতীতের সেই অভিজ্ঞতার পর থেকে বিয়ের প্রতি আর আগ্রহ অনুভব করছেন না তিনি। এমন পরিস্থিতিতে বিয়ে না করার সিদ্ধান্তের বিষয়ে শরিয়তের বিধান জানতে চান ওই শ্রোতা।

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়ের বাইরে প্রেম বা সম্পর্ক গড়ে তোলা হারাম ও গুনাহের কাজ। আর সেই সম্পর্ক পূর্ণতা না পাওয়ার কারণে কিংবা প্রিয় কাউকে হারানোর কষ্টে বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতা।

তিনি বলেন, যাকে ঘিরে ভবিষ্যৎ সাজানোর পরিকল্পনা ছিল, সেই ব্যক্তি যদি অন্যত্র বিয়ে করে নিজের সংসারে সুখে-শান্তিতে থাকেন, তাহলে তার স্মৃতি আঁকড়ে ধরে নিজের জীবন আটকে রাখার কোনো অর্থ নেই।

অতীতের হতাশা কাটিয়ে বাস্তবতাকে গ্রহণ করার ওপর গুরুত্ব দিয়ে এই ইসলামি আলোচক বলেন, অন্য একজন যদি নতুন জীবন শুরু করে ভালো থাকতে পারেন, তাহলে নিজের জীবন থামিয়ে রাখারও কোনো কারণ নেই। বরং নতুনভাবে জীবন শুরু করাই বুদ্ধিমানের কাজ।

এ সময় অতীতের সম্পর্কটি পরিণতি না পাওয়াকে জীবনের ক্ষতি হিসেবে না দেখে ইতিবাচকভাবে বিবেচনা করার পরামর্শ দেন তিনি। তার মতে, ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন—এমন বিশ্বাস রেখে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।