tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবৃহত্তর জোট গঠন ব্যর্থ হলে জরুরি সরকার গড়বেন আইজেনকোট

বৃহত্তর জোট গঠন ব্যর্থ হলে জরুরি সরকার গড়বেন আইজেনকোট

ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের উদ্যোগ সফল না হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু জরুরি সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্ট নেসেটে ভোটের জন্য তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইজেনকোট এ পরিকল্পনার কথা জানান। অন্যদিকে, ইসরাইল বর্তমানে ঐতিহাসিক এক সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন। নেতানিয়াহুর জোটের দখলে রয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

তবে সংখ্যালঘু সরকার গঠনের পথে আইজেনকোটকে নিজের জোটের শরিকদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে। জোটসঙ্গী ইসরাইল বেইতেইনুর নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থনে গঠিত কোনো সরকারকে তিনি ভোট দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আপাতত এমন সরকার গঠনের পরিবর্তে আইজেনকোটের নেতৃত্বে বৃহত্তর ঐক্যের সরকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছেন।

আইজেনকোট বলেন, সংসদ সদস্যদের নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তারা কি নতুন সরকার গঠনের পথ বেছে নেবেন, নাকি দেশকে আবারও নির্বাচনের দিকে ঠেলে দেবেন—সেই সিদ্ধান্ত এখন তাদেরই নিতে হবে।

অন্যদিকে, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তার মতে, এ ধরনের সরকার গঠিত হলে ইসরাইলের ভবিষ্যৎ ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আইজেনকোট অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানকে ঘিরে উত্তেজনাকে কাজে লাগাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছেন তিনি।

তবে সরকার গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আইজেনকোট। এ লক্ষ্যে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সরকার গঠনের বিষয়ে আশাবাদী বলেও জানিয়েছেন ইয়াশার দলের এই নেতা।

সূত্র: টাইমস অব ইসরাইল।