tanaka
প্রচ্ছদআদালতঅপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচারিক কার্যক্রম

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচারিক কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আসামিদের বয়স বিবেচনায় প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের বিচার হবে পৃথক দুটি আদালতে।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. কাইমুল হক রিংকু।

তিনি জানান, আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে চার আসামিই কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার অনুষ্ঠিত হবে কুমিল্লার সেশন আদালতে।

কাইমুল হক রিংকু আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব আইনগত কার্যক্রম যথারীতি চালিয়ে যাবে।

এদিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে মামলার অভিযোগ গঠন করা হবে। বয়সের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে পরিচালিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।