ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে নদীবেষ্টিত চরাঞ্চলের মহিষের মালিক ও খামারিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। নিজেদের পাশাপাশি গবাদিপশুর নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীতে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যগতভাবে মহিষ পালন করে আসছেন স্থানীয়রা। বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেক পরিবারের জীবিকা নির্ভর করে এই পশু পালনের ওপর। তবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা বন্যার আশঙ্কা দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে বিপাকে পড়েন খামারিরা।
তাদের অভিযোগ, দীর্ঘদিনেও চরাঞ্চলে সরকারি উদ্যোগে গবাদিপশুর জন্য আধুনিক ও টেকসই কোনো আশ্রয়কেন্দ্র বা কেল্লা নির্মাণ করা হয়নি। ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগে মহিষসহ অন্যান্য গবাদিপশু নিয়ে চরম ঝুঁকিতে থাকতে হচ্ছে তাদের।
খামারিরা জানান, ঝড়, উজানের পানির চাপ ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও অন্যান্য গবাদিপশু ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে অনেকের গোয়ালঘর, বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্রও। প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর আশঙ্কার পাশাপাশি নদী ডাকাতের ভয়ও রয়েছে তাদের। ফলে দুই ধরনের নিরাপত্তাহীনতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
দৌলতখানের চরাঞ্চলের খামার মালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর সুরক্ষায় কার্যকর ও টেকসই আশ্রয়ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর পার হলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত কেল্লা নির্মাণ করা হয়নি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় পশুগুলোকে নিরাপদে রাখতে উঁচু ও মজবুত আশ্রয়কেন্দ্র প্রয়োজন। কিন্তু এমন ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই চরাঞ্চলে মহিষ পালন করতে হচ্ছে।
চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল জানান, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণসহ বিভিন্ন এলাকা থেকে ঝড়, উজানের পানি ও অস্বাভাবিক জোয়ারের কারণে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন খামারিরা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণের দাবি জানান তিনি।
এ বিষয়ে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আবাসস্থল নির্মাণের জন্য আধুনিক কেল্লার চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান যুগান্তরকে বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরাঞ্চলে মহিষের মালিকরা ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



