সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় কেনাকাটায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাতে বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানের শোরুমে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান দাম ধরে রেখে স্বর্ণ কেনার বিশেষ বুকিং প্রকল্পেও ঝুঁকছেন অনেকে।
শুক্রবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে কমে ৪৩২ দিরহাম ৫০ ফিলসে দাঁড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ৪৪৪ দিরহাম ২৫ ফিলস। অর্থাৎ একদিনে দাম কমেছে প্রায় ৪ শতাংশ।
একই প্রবণতা দেখা গেছে অন্যান্য ক্যারেটের স্বর্ণেও। ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ৪১১ দিরহাম ২৫ ফিলস থেকে কমে প্রায় ৪০০ দিরহামে নেমেছে। এ ছাড়া ১৮ ক্যারেটের দাম কমে হয়েছে ৩২৯ দিরহাম ২৫ ফিলস এবং ১৪ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২৫৬ দিরহাম ৭৫ ফিলস।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দুবাইয়ের বাজারেও। শুক্রবার টানা পঞ্চম দিনের মতো কমেছে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম। প্রতি আউন্স স্বর্ণের মূল্য নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে। চলতি সপ্তাহে সামগ্রিকভাবে দাম কমেছে প্রায় ৯ শতাংশ। এতে মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে স্বর্ণের বাজার। একই সঙ্গে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর দাম।
দরপতনের এই সময়ে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান বাজারদর ধরে রাখার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে বুকিংয়ের নিয়ম ও শর্তে পার্থক্য রয়েছে। তাই এ ধরনের প্রকল্পে অর্থ বিনিয়োগের আগে সুবিধা ও শর্তগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
যেভাবে কাজ করছে স্বর্ণের দাম ধরে রাখার প্রকল্প
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুই ধরনের বুকিং সুবিধা চালু রেখেছে। প্রথম পদ্ধতিতে মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম জমা দিলে তিন মাস পর্যন্ত নির্ধারিত দামে স্বর্ণ কেনার সুযোগ পাওয়া যায়। দ্বিতীয় পদ্ধতিতে সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত সেই দর ধরে রাখা সম্ভব।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, বুকিং দেওয়ার পর বাজারে স্বর্ণের দাম বেড়ে গেলে গ্রাহকরা আগে নির্ধারিত দামেই কেনার সুবিধা পাবেন। অন্যদিকে বুকিংয়ের পর বাজারদর আরও কমে গেলে কেনার সময়কার প্রচলিত কম দামেও স্বর্ণ নেওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে বাফলে জুয়েলার্সের বুকিং ব্যবস্থায় কিছুটা ভিন্নতা রয়েছে। এ ক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম জমা দিতে হয় এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিরাগ ভোরা জানান, প্রকল্পের ধরন অনুযায়ী অগ্রিম অর্থের পরিমাণ এবং মূল্য সুরক্ষার শর্ত পরিবর্তিত হতে পারে।
তার মতে, বুকিং দেওয়ার আগে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জেনে নেওয়া জরুরি। নির্ধারিত দাম কত দিন কার্যকর থাকবে, বাজারদর কমে গেলে নতুন দাম প্রযোজ্য হবে কি না এবং বুকিং বাতিল করতে চাইলে কী ধরনের নিয়ম অনুসরণ করতে হবে—এসব বিষয়ে আগেই নিশ্চিত হওয়া উচিত।
স্বর্ণের দাম কমতে শুরু করার পর মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এ ধরনের বুকিং প্রকল্পে গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শোরুমেও ক্রেতাদের আনাগোনা বেড়েছে। অন্যান্য জুয়েলারি প্রতিষ্ঠানেও একই ধরনের আগ্রহ দেখা যাচ্ছে। তবে অনেক ক্রেতা এখনই কেনাকাটা না করে বাজারদর আরও কমার অপেক্ষায় রয়েছেন।
বিশেষ করে বিয়ের কেনাকাটার জন্য যাদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারা এসব বুকিং সুবিধার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। কারণ বিয়ের প্রস্তুতির কারণে তাদের পক্ষে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই নির্ধারিত দামে স্বর্ণ কেনার নিশ্চয়তা পেতে আগেভাগেই বুকিং দিচ্ছেন অনেকে।
অন্যদিকে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের কয়েন ও বার কিনতে আগ্রহীদের মধ্যে কিছুটা ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। তারা বাজারের ওঠানামা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভবিষ্যতে দাম আরও কমতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় নিয়ে তাদের অনেকেই আপাতত কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।
সূত্র: গালফ নিউজ



