tanaka
প্রচ্ছদলাইফস্টাইলচার্জিং ক্যাবল দ্রুত নষ্ট হওয়ার আসল কারণ, টিকিয়ে রাখবেন যেভাবে

চার্জিং ক্যাবল দ্রুত নষ্ট হওয়ার আসল কারণ, টিকিয়ে রাখবেন যেভাবে

স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের প্রযুক্তি ব্যবহারে চার্জিং ক্যাবল অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। কিন্তু নিয়মিত ব্যবহার করলেও এর সঠিক যত্ন নেওয়ার বিষয়টি অনেকেই অবহেলা করেন। ফলে অল্প সময়ের মধ্যেই ক্যাবলে নানা সমস্যা দেখা দেয়। কখনো চার্জিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কখনো ডিভাইসে চার্জই নিতে চায় না। অনেকের ধারণা, ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখলেই দ্রুত নষ্ট হয়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাবল নষ্ট হওয়ার প্রধান কারণ এটি পেঁচিয়ে রাখা নয়; বরং সংযোগস্থলে অতিরিক্ত চাপ এবং একই জায়গায় বারবার বাঁক পড়া।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা মাইকেল পেচট দীর্ঘদিন ধরে প্রযুক্তিপণ্যের স্থায়িত্ব নিয়ে গবেষণা করছেন। তার মতে, চার্জিং ক্যাবল পেঁচিয়ে রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে ক্যাবল নষ্ট হওয়ার আশঙ্কা নেই। তবে ব্যবহারের সময় কিছু অসতর্কতা এর কার্যক্ষমতা ও স্থায়িত্ব কমিয়ে দিতে পারে।

ক্যাবলের সংযোগস্থলেই বেশি ক্ষতি

আইফিক্সিটের সহপ্রতিষ্ঠাতা কাইল উইয়েন্সের মতে, অধিকাংশ চার্জিং ক্যাবল নষ্ট হওয়ার ঘটনা ঘটে তার ও প্লাগের সংযোগস্থলে। ক্যাবলের ভেতরে ইনসুলেশন দিয়ে মোড়ানো একাধিক সূক্ষ্ম ধাতব তার থাকে। প্লাগের কাছের অংশে বারবার বাঁক পড়লে এসব তার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স জানান, একই স্থানে বারবার বাঁক পড়লে ধাতুর অভ্যন্তরে সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এর ফলে ধাতু ধীরে ধীরে শক্ত ও ভঙ্গুর হয়ে যায়। একপর্যায়ে তা ভেঙে যেতে পারে। চার্জিং ক্যাবলের ভেতরে থাকা ধাতব তারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া কাজ করে।

ক্যাবলের আয়ু বাড়াতে যেসব অভ্যাস বাদ দেবেন

বিশেষজ্ঞরা চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

  • ক্যাবল ধরে টান দিয়ে প্লাগ খুলবেন না। সংযোগ বিচ্ছিন্ন করার সময় প্লাগের শক্ত অংশটি ধরুন।

  • সকেট দূরে থাকলে ক্যাবল টানটান করে ব্যবহার করবেন না। প্রয়োজন অনুযায়ী লম্বা ক্যাবল ব্যবহার করুন।

  • বিছানায় শুয়ে ফোন চার্জ দেওয়ার সময় ক্যাবল অতিরিক্ত বাঁকিয়ে রাখবেন না।

  • গাড়িতে ফোন চার্জ দেওয়ার সময় ফোনের ওজন যেন ক্যাবলের সংযোগস্থলে চাপ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন।

ব্রেইডেড ক্যাবল কেন ভালো

বিশেষজ্ঞদের পরামর্শ, ক্যাবল খুব শক্ত করে পেঁচিয়ে রাখা উচিত নয়। তবে স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে সাধারণত কোনো সমস্যা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বারবার বাঁক পড়া থেকে ক্যাবলকে রক্ষা করা।

পাশাপাশি কম দামি ও নিম্নমানের ক্যাবল কেনার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। ভালো মানের ক্যাবল তুলনামূলক বেশি দিন ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ব্রেইডেড ক্যাবল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণ প্লাস্টিকের পরিবর্তে এসব ক্যাবলের বাইরের আবরণ তৈরি হয় বোনা নাইলন বা কাপড় দিয়ে। ফলে ভেতরের তারগুলো তুলনামূলক ভালো সুরক্ষা পায়।

কাইল উইয়েন্সের তথ্য অনুযায়ী, অ্যাপলও তাদের সাম্প্রতিক কিছু ডিভাইসের সঙ্গে ব্রেইডেড ক্যাবল সরবরাহ করছে। কারণ এ ধরনের ক্যাবলের বাইরের আবরণ বেশি মজবুত এবং ভেতরের তার সুরক্ষিত রাখার ক্ষেত্রেও কার্যকর।

বিশেষজ্ঞদের মতে, চার্জিং ক্যাবলের সঠিক ব্যবহার ও যত্নের মাধ্যমে একদিকে যেমন বারবার নতুন ক্যাবল কেনার খরচ বাঁচানো সম্ভব, অন্যদিকে কমানো যায় ইলেকট্রনিক বর্জ্যও। তাই ক্যাবল ব্যবহারের সময় সামান্য সচেতনতা দীর্ঘদিন এর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

সূত্র: বিবিসি