চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর ঘিরে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশেষ ব্রিফকেস ‘চেগেট’। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে সেখানে পৌঁছানোর সময় পুতিনের সঙ্গে থাকা এক নৌবাহিনী কর্মকর্তার হাতে কালো রঙের একটি ব্রিফকেস দেখা যায়। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক ইয়েভজেনি পপভ এটিকে ‘নিউক্লিয়ার ব্রিফকেস’ হিসেবে পরিচয় করিয়ে দেন।
এই বিশেষ ব্রিফকেসের মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় থেকে সামরিক নির্দেশ পাঠানো সম্ভব। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের সঙ্গে থাকা একই ধরনের ব্যবস্থাকে বলা হয় ‘নিউক্লিয়ার ফুটবল’। তবে শেনজেনে পুতিনের সফরের সময় মার্কিন প্রেসিডেন্টের এমন কোনো ব্রিফকেস দেখা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্যও এ ধরনের কোনো ব্রিফকেস ব্যবহার করা হয় কি না, তা নিশ্চিত নয়।
কী এই পারমাণবিক ব্রিফকেস, কীভাবে কাজ করে?
পারমাণবিক ব্রিফকেস মূলত একটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখার বিশেষ যোগাযোগ সরঞ্জাম। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান প্রয়োজনে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নিজেদের পারমাণবিক কমান্ড ব্যবস্থা আরও কার্যকর করতে এ ধরনের প্রযুক্তি চালু করে।
তবে সিনেমায় দেখানো লাল বোতাম টিপলেই ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার মতো বিষয়টি বাস্তবে এতটা সরল নয়। পারমাণবিক হামলার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা, নিরাপত্তা যাচাই এবং বিস্তৃত যোগাযোগ নেটওয়ার্কের সমন্বয় প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’ ব্যবস্থার ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের প্রশাসনের সময় থেকেই এ ব্যবস্থার সূচনা। এতে প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য ‘বিস্কুট’ নামে পরিচিত একটি বিশেষ কার্ডে নিরাপত্তা কোড রাখা হয়। দেশটির নিয়ম অনুযায়ী, পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার একক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে।
অন্যদিকে, সোভিয়েত আমলে ১৯৮৩ সালে চালু হওয়া রাশিয়ার ‘চেগেট’ ব্রিফকেস দেশটির ‘কাজবেক’ নামের সামরিক কমান্ড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এটি সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে না; বরং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ সামরিক কমান্ড ব্যবস্থায় পৌঁছে দিতে সহায়তা করে। ধারণা করা হয়, রাশিয়ার কাছে এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে।
কেন পুতিনের ব্রিফকেস নিয়ে এত আলোচনা?
রাষ্ট্রপ্রধান যেখানেই অবস্থান করুন না কেন, জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত পারমাণবিক হামলা বা পাল্টা হামলার নির্দেশ দেওয়ার সক্ষমতা বজায় থাকে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা ব্যবহার করা হয়। একই সঙ্গে এটি প্রতিপক্ষের কাছে সামরিক সক্ষমতা ও প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়ে সম্ভাব্য আক্রমণ নিরুৎসাহিত করার কৌশল হিসেবেও কাজ করে।
শেনজেনে পুতিনের সঙ্গে পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতিকে রাশিয়ার সামরিক সক্ষমতার একটি প্রতীকী প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন মাবনের মতে, এর মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বড় শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। বিশ্ব রাজনীতিতে দেশটির অবস্থান নিয়ে নানা পরিবর্তন থাকলেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের গুরুত্বের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়াই এমন প্রদর্শনের উদ্দেশ্য হতে পারে।
বর্তমানে বিশ্বে স্বীকৃত ও ঘোষিত পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশের সংখ্যা নয়টি। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক কমান্ড ব্যবস্থার বিষয়ে তুলনামূলকভাবে বেশি তথ্য পাওয়া যায়। অন্য দেশগুলোর ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কর্তৃত্ব ও অনুমোদনসংক্রান্ত নিয়ম সম্পর্কে কিছু তথ্য জানা থাকলেও এ ধরনের বিশেষ ব্রিফকেস ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সীমিত।



