tanaka
প্রচ্ছদসারাদেশচাঁদা দিতে অস্বীকৃতি, পাঁচ দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক পরিচালকের মরদেহ

চাঁদা দিতে অস্বীকৃতি, পাঁচ দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক পরিচালকের মরদেহ

কুমিল্লায় চাঁদা দিতে রাজি না হওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার সকালে একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০ নভেম্বর সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতা রিফাতের কাছে চাঁদা দাবি করেছিলেন।

নিহত রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ওই গ্রামের মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব সদর দক্ষিণ উপজেলার কলেজ পাড়ার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে সজিব রিফাতের ব্যাংক শাখায় গিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। রিফাত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর থেকেই রিফাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ছেলের সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করেন, সজিব এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন এবং তাঁর কর্মকাণ্ডে এলাকাবাসী আতঙ্কে থাকেন। তাঁর দাবি, বিভিন্ন সময় অভিযান চালানো হলেও রহস্যজনক কারণে সজিবকে গ্রেপ্তার করা হচ্ছে না।

নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ছেলেকে সজিব হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ছেলেকে অনেক কষ্ট করে ব্যাংক শাখাটি পরিচালনা করতে দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, সেদিন মারধরের পর ভেবেছিলেন আর কোনো ঝামেলা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের মরদেহ দেখতে হলো তাঁকে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।