প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে আগ্রহ তৈরি এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার জন্য একটি মগ তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবশিষ্ট ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ বাড়িতে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। শিক্ষার্থীরা যেন শুধু চারা গ্রহণ করেই দায়িত্ব শেষ না করে, বরং গাছটির যত্ন নিয়ে বড় করে তোলে—এটাই প্রত্যাশা।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে নিজেরাই প্রমাণ করেছে। সরকার এখনো সহনশীল অবস্থান বজায় রেখেছে। তবে এই সহনশীলতাকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে দুয়েকজনের তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের কারাগারে যেতে হবে।
মীর শাহে আলম আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আবারও সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাদের প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা নয়। জনগণের শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতার মাধ্যমে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে উৎখাত করা সম্ভব হবে না। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের সংকটময় সময়ে জিয়া পরিবার সবসময় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং পরে তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করে তিনি তার পাশে থাকার এবং উন্নয়ন কার্যক্রমে সমর্থন দেওয়ার আহ্বান জানান। দেশের অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করার কথাও বলেন তিনি।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সারা বছর খেলাধুলার সুযোগ দিতে প্রতিটি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকে, সে লক্ষ্যেই এ উদ্যোগ। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলেও জানান তিনি। ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় এসব পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। নাগরিক সুবিধা বাড়ানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং আধুনিক নগরসেবা নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়কের নির্মাণকাজও উদ্বোধন করার কথা রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



