বিশ্বের তিন প্রভাবশালী নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসঙ্গে বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেন ও তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে সমঝোতার মাধ্যমে বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন দেশে।
ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের আশঙ্কা ছিল, তিন নেতা নিজেদের মধ্যে দরকষাকষির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারেন। তবে বৈঠক শেষে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর কৌশলগত পরিকল্পনা বা বড় ধরনের সমঝোতার ইঙ্গিত মেলেনি।
তিন দেশের জাতীয় স্বার্থের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকারও বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।
বৈঠকে জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুর্বল করা এবং পারমাণবিক অস্ত্রের কারণে বিশ্ব ধ্বংসের ঝুঁকি মোকাবিলার মতো বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত কিংবা বাস্তবায়নযোগ্য পদক্ষেপ ঘোষণা করা হয়নি।
তবু এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকের প্রতীকী গুরুত্ব ছিল ব্যাপক। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের কাছে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়া পুতিন এবার যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতার সঙ্গে একই টেবিলে বসার সুযোগ পেয়েছেন। অর্থনৈতিক অংশীদার, পারমাণবিক শক্তিধর দেশের নেতা এবং ট্রাম্পের ভাষায় ‘আমার বন্ধু’ হিসেবে তিনি বিশেষ গুরুত্ব পেয়েছেন।
পরাশক্তিদের আধিপত্যের বার্তা
চীনের আধুনিক প্রযুক্তিনির্ভর শহর শেনজেনের একটি সরকারি ভবনে গোল টেবিলে বসেন তিন নেতা। তাদের বক্তব্যে ফুটে ওঠে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের পরাশক্তিকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারণা।
শি জিনপিং বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে। অন্য দেশগুলোর সামনে এই তিন রাষ্ট্রের উদাহরণ তৈরি করা উচিত।
পুতিনও প্রায় একই ধরনের বক্তব্য দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় এবং পরবর্তী সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিপথগামী বৈশ্বিকতাবাদী সংস্থাগুলোর’ একটি হিসেবে অভিহিত করেন। তার মতে, এ ধরনের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
ট্রাম্প আরও বলেন, পুরোনো চিন্তাধারা আঁকড়ে থাকা কিংবা আলোচনা এড়িয়ে যাওয়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এ কারণে তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনা অত্যন্ত জরুরি।
ছোট দেশগুলোর সিদ্ধান্ত কি নেবে পরাশক্তিরা?
তিন নেতার বৈঠককে কেন্দ্র করে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর মধ্যে। তাদের আশঙ্কা, বড় রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক সিদ্ধান্ত নিলে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে সেই সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে হতে পারে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জা ইয়ান চংয়ের মতে, তিন নেতার বক্তব্যে এমন একটি মনোভাব প্রকাশ পেয়েছে, যেখানে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত হয়ে পড়তে পারে। বড় শক্তিগুলো তাদের হয়ে সিদ্ধান্ত নেবে এবং ভালো-মন্দ যা-ই হোক, অন্যদের তা মেনে নিতে হবে।
এবারের এপেক সম্মেলনে মূলত দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘাত স্পষ্ট হয়েছে। একদিকে বড় শক্তিগুলোর আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা, অন্যদিকে ছোট ও মাঝারি দেশগুলোর স্বাধীনভাবে নিজেদের অবস্থান নির্ধারণের আকাঙ্ক্ষা।
এরই মধ্যে বৃহস্পতিবার তিন নেতার বৈঠকের আগে তাইওয়ান জানায়, রাশিয়ার দুটি সামরিক বিমান তাদের প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চলতি সপ্তাহে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ঘটনা।
গত ৪৮ ঘণ্টায় তিন নেতার উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্যের বিভিন্ন দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিমানবন্দরে ট্রাম্পকে বিরল আলিঙ্গনে স্বাগত জানান শি জিনপিং। এপেকের পারিবারিক ছবিতেও ট্রাম্প ও পুতিনের মাঝখানে দেখা যায় চীনা প্রেসিডেন্টকে। পরে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেন তারা।
বড় শক্তির বিপরীতে ছোট দেশগুলোর অবস্থান
সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশের নেতারা বিশ্বব্যবস্থা নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেন। তাদের বক্তব্যে স্পষ্ট ছিল, পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কারণে ছোট দেশগুলোর স্বার্থ যেন উপেক্ষিত না হয়।
বৃহস্পতিবার এপেকের ২১টি অর্থনীতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই দুটি সংঘাত আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
পুতিনকে উদ্দেশ করে তিনি সরাসরি বলেন, ‘আপনার যুদ্ধ বন্ধ করুন, এখনই বন্ধ করুন।’
অন্যদিকে মাঝারি শক্তির দেশগুলোর স্বার্থ সুরক্ষায় জোর দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সঙ্গে বহুমুখী অংশীদারত্ব গড়ে তুলতে হবে। নতুন বাণিজ্য চুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে বিচ্ছিন্ন ও বিভক্ত করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের বক্তব্যেও উঠে আসে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা। তার মতে, বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্ত সম্পর্ক বজায় রাখা এবং যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমেই সংকট মোকাবিলার সক্ষমতা তৈরি করা সম্ভব।
সব মিলিয়ে পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছোট অর্থনীতির দেশগুলোর স্বার্থ রক্ষায় সম্মেলনে অংশ নেওয়া নেতারা সম্মিলিত অবস্থান তুলে ধরেন।
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা
শেনজেনের এই ত্রিপক্ষীয় বৈঠককে অনেক বিশ্লেষক ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের তৎকালীন তিন নেতা ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল ও জোসেফ স্টালিন ইয়াল্টায় বৈঠকে বসেছিলেন। নাৎসি জার্মানির পতন এবং যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নির্ধারণ ছিল সেই আলোচনার অন্যতম প্রধান উদ্দেশ্য।
ওই বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ‘বিগ থ্রি’ বা তিন বৃহৎ শক্তির বিশেষ প্রভাবের ধারণা প্রতিষ্ঠিত হয়।
তবে বর্তমান পরিস্থিতি ১৯৪৫ সালের তুলনায় অনেকটাই ভিন্ন। ট্রাম্প, শি ও পুতিনের সামনে এমন কোনো অভিন্ন শত্রু নেই, যার বিরুদ্ধে তারা একযোগে কাজ করতে পারেন। একইভাবে তিন দেশের মধ্যে অভিন্ন কোনো বড় প্রকল্পও নেই।
এ ছাড়া বর্তমান বিশ্বে ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত। ইউক্রেনসহ বিভিন্ন দেশের নিজেদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বেড়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন।
ইয়াল্টা সম্মেলনের পর পটসডাম সম্মেলনেও বড় শক্তিগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শুরু হয় স্নায়ুযুদ্ধ। সাবেক মিত্ররাই একসময় পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়।
তারপরও রাশিয়াকে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রীয় অবস্থানে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে মস্কোয় দীর্ঘদিন ধরে ‘নতুন ইয়াল্টা’ সম্মেলনের ধারণা আলোচিত হয়ে আসছে।
ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারারের মতে, তিন নেতার বৈঠক সংবাদমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করলেও আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো সমঝোতা বা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।
তার ভাষায়, ‘এটি কোনোভাবেই ইয়াল্টা সম্মেলন ছিল না।’
অর্থনৈতিক শক্তিতে চীনের তুলনায় পিছিয়ে রাশিয়া
আন্তর্জাতিক রাজনীতিতে পুতিনের প্রভাবশালী অবস্থান থাকলেও অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে রাশিয়া চীনের তুলনায় অনেক পিছিয়ে। রাশিয়ার অর্থনীতির আকার চীনের অর্থনীতির সাত ভাগের এক ভাগেরও কম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান আরও বড়।
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ায় রাশিয়ার অর্থনৈতিক নির্ভরতা ক্রমেই চীনের ওপর বাড়ছে।
তবে তিন নেতার বৈঠকে অংশ নেওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন পুতিন। বুধবার এপেকের ব্যবসায়িক নেতাদের সামনে দেওয়া বক্তব্যে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, নানা চাপের মধ্যেও রাশিয়া আরও শক্তিশালী হয়েছে।
অন্যদিকে শি জিনপিংকেও মোকাবিলা করতে হচ্ছে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশেষ করে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ বেইজিংয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখলেও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শি জিনপিংকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।
অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে ট্রাম্প
তিন নেতার বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই কূটনৈতিক উদ্যোগ তার জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারে।
দেশটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা খাতে বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মার্কিন জনগণের একটি অংশের কাছে নেতিবাচকভাবে বিবেচিত হতে পারে।
বিশেষ করে চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে। মেয়াদের শেষ দিকে থাকা একজন প্রেসিডেন্টের মতো দুর্বল অবস্থানে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে তার জন্য।
তারপরও তিন নেতার প্রত্যেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদে এই যোগাযোগ থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। শি জিনপিংও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত আয়োজন করা যেতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং ফুদান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান স্টাডিজের পরিচালক উ সিনবোর মতে, তিন দেশ চাইলে বৈশ্বিক সংকট সমাধানে একসঙ্গে কাজ করতে পারে। তারা বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরি করে ধীরে ধীরে অন্য দেশগুলোকেও সেই উদ্যোগে যুক্ত করার সুযোগ পাবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা রাশিয়ার প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, জাতীয় স্বার্থের কারণেই এই তিন দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ প্রয়োজন। এটাই শেষ বৈঠক নয়।’
তিন নেতার এই বৈঠকে বড় কোনো সমঝোতা না এলেও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পরাশক্তিগুলোর এই সম্পর্ক ভবিষ্যতে সহযোগিতার পথ তৈরি করবে, নাকি বিশ্ব রাজনীতিতে নতুন বিভাজনের জন্ম দেবে, সেটিই এখন পর্যবেক্ষকদের কাছে বড় প্রশ্ন।
তথ্যসূত্র: এনডিটিভি



