tanaka
প্রচ্ছদঅন্যান্যবিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে বিশ্বে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সরকার এ-সংক্রান্ত সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করে না। এ কারণে চীনে প্রকৃতপক্ষে কতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে এক বছরে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় পরবর্তী অবস্থানে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিসর। ২০২৫ সালে ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ শতাংশ। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোতে এ-সংক্রান্ত তথ্য গোপন রাখার কারণে বিশ্বে প্রকৃত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

প্রতিবেদনের আরেকটি উদ্বেগজনক দিক হলো, বিশ্বে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় অর্ধেকই ছিল মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

তবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়লেও অনেক দেশ এ শাস্তি বাতিল করেছে কিংবা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের ১১৩টি দেশ সব ধরনের অপরাধের জন্য আইনগতভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে। এ ছাড়া আরও কয়েকটি দেশ আইনগতভাবে অথবা বাস্তবে মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত রয়েছে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।