কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার নতুন প্রজন্ম গড়ে উঠছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত এ আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাংলাদেশ বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশে বিপুল মানবসম্পদ রয়েছে। তবে এই সম্পদ এখনো অনেকটাই অদৃশ্য ও অস্পর্শনীয়। যথাযথ শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই মানবসম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।
উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়কে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা এমন শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে আন্তরিক ও মনোযোগী হতে হবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।



