tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে সামরিক হামলা ‘অনিবার্য’, ট্রাম্পের সম্মতি আদায়ের চেষ্টা নেতানিয়াহুর

ইরানে সামরিক হামলা ‘অনিবার্য’, ট্রাম্পের সম্মতি আদায়ের চেষ্টা নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ইরানে কয়েক দিনের সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মত করার চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল ১৩-এর প্রতিবেদনে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনাটি অনুমোদনও পেয়েছে। এখন কেবল হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন এ বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল ১২-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক কৌশল হিসেবে তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিভিন্ন পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কাজ করতে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা হামলার বিভিন্ন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে, তা মূল্যায়ন করছে মার্কিন প্রশাসন।

বিশেষ করে এমন কোনো সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব কি না, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকি এড়ানো যায়, সে বিষয়েও জানতে চেয়েছে হোয়াইট হাউস।