বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’র গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং সালমান। আর এটি নিয়েই অভিনেতার বিরুদ্ধে আবারও সরব হয়েছেন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও প্রযোজক সোনা মহাপাত্র। পাশাপাশি ২০১৬ সালে সালমানের সঙ্গে বিরোধের জেরে পাওয়া ধর্ষণের হুমকি, অনলাইন হয়রানি এবং নিজের ক্যারিয়ার নিয়ে সমালোচকদের মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’। এরই মধ্যে ছবিটির কয়েকটি গান প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে ‘তেরি সেক্সি বিউটি’ গানটি গেয়েছেন সালমান নিজেই। গানটি প্রকাশ্যে আসার পর সেটিকে ঘিরে কটাক্ষ করেন সোনা মহাপাত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সোনা জানান, ২০২৬ সালের শেষ দিকে পেশাদার সংগীতশিল্পী হিসেবে তার ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হবে। দীর্ঘ এই পথচলায় ২০১৬ সাল ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। সে বছর সালমান খানের একটি মন্তব্যের প্রতিবাদ করেছিলেন তিনি। শুটিংয়ের ক্লান্তিকে ধর্ষণের শিকার নারীর অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছিলেন অভিনেতা। সোনার দাবি, ওই মন্তব্যের বিরোধিতা করার পর থেকেই তাকে অনলাইনে ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়।
সোনা জানান, সে সময় তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি তার বিকৃত ও অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়। তার পরিবারের সদস্য এমনকি মাকেও অশালীন ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি একপর্যায়ে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।
ভিডিওতে নতুন গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোনা বলেন, ‘আমি কি এই শৈল্পিক জগতটাকেই মিস করছিলাম?’
গানটি নিয়ে আরও কটাক্ষ করে তিনি বলেন, ইনস্টাগ্রাম খুলতেই অ্যালগরিদম তাকে সালমান খানের নতুন গানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার ভাষ্য, গানটি এমন একটি সিনেমার, যা নাকি দেশের সৈনিকদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত। অথচ সেখানে সুপারস্টারকে দুই পেগ মদ পান করা এবং উড়োজাহাজ হয়ে যাওয়ার মতো বিষয় নিয়ে গান গাইতে দেখা যাচ্ছে।
সোনা বলেন, গানটি শোনার পর তার অতীতের সেই সহানুভূতির কথাগুলো মনে পড়ে যায়। যারা একসময় তাকে সালমানের সঙ্গে বিরোধে না জড়ানোর পরামর্শ দিয়ে বলেছিলেন, এতে তার ক্যারিয়ার আরও ভালো হতে পারত, তাদের উদ্দেশেও জবাব দিয়েছেন তিনি।
সমালোচকদের উদ্দেশে সোনা বলেন, তাকে নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি নিজের শর্তে কাজ করছেন এবং ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন। তার প্রশ্ন, ‘আমি যদি এ ধরনের আরও দশটা গান গাইতাম, তবে কি আমার জীবন সার্থক হয়ে যেত? গত ১০ বছরের দিকে তাকালে আমি নিশ্চিত নই যে, আসলে কার ক্যারিয়ারের সেই সহানুভূতির প্রয়োজন।’
ভিডিওর শেষাংশে নিজের পেশাগত অর্জন ও সাফল্যের কথাও তুলে ধরেন এই সংগীতশিল্পী। তার মতে, সালমানের সঙ্গে বিরোধে জড়ানোর কারণে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।
এর আগেও সালমান খানের বিভিন্ন মন্তব্যের প্রতিবাদ করেছেন সোনা মহাপাত্র। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সালমানের মন্তব্যের বিরুদ্ধেও কথা বলেছিলেন তিনি। সোনার অভিযোগ, প্রিয়াঙ্কা চোপড়া নিজের সিনেমা ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় সালমান তাকে নিয়ে ঠাট্টা করেছিলেন। সে সময়ও অভিনেতার সমালোচনা করেন এই সংগীতশিল্পী।
সোনা আরও বলেন, নিজের জামা খুলে নিজেকে ‘মসিহা’ হিসেবে তুলে ধরার চেষ্টা তাকে কখনো প্রভাবিত করেনি। বরং এ ধরনের অবস্থানের কারণে অতীতেও তাকে আরও বেশি হুমকির মুখে পড়তে হয়েছিল। বছরের পর বছর ধরে অনেকে তাকে বলেছেন, তিনি এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও সালমানের সঙ্গে বিরোধে না জড়ালে তার ক্যারিয়ার কোথায় পৌঁছাতে পারত। তবে নিজের কাজ ও অর্জনের মধ্য দিয়েই এসব মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করেন সোনা।



