tanaka
প্রচ্ছদজাতীয়১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। তবে মজুরি চূড়ান্ত করার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গেজেট প্রকাশ করা হবে। নতুন মজুরি নির্ধারণের তারিখ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও দ্রুততম সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে ১ ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণা করা হবে—এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে মজুরি চূড়ান্ত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে, বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে ডিসেম্বর মাসের বর্ধিত মজুরিসহ বেতন পাবেন।

তিনি বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণের জন্য বোর্ড ছয় মাস সময় পায়। প্রয়োজনে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগও রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি চায়। বোর্ডও সে লক্ষ্য নিয়ে কাজ করছে।

নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। সোমবার তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।

সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করতে হয়েছে। ওই সদস্য শ্রমিকপক্ষের প্রতিনিধি। তাঁকে ছাড়াও সভা করার ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও নৈতিক ও বাস্তবিক বিবেচনায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা স্থগিতের পেছনে কোনো পক্ষের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর ওপর কোনো পক্ষ থেকে চাপ, অনুরোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।

শ্রমিকদের আশ্বস্ত করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘কোনো তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি।’

মালিকপক্ষের মজুরি প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মালিকেরা তৃতীয় সভার জন্য অপেক্ষা করছেন। ওই সভায় তাঁরা নিজেদের প্রস্তাব তুলে ধরবেন।

নভেম্বরের মধ্যে নতুন মজুরির অন্তত একটি খসড়া প্রস্তাব প্রকাশ করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর সেগুলো নিয়ে আলোচনা ও দর-কষাকষি করতে হবে। উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।

তিনি বলেন, কোনো সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দিলে তা বাস্তবায়নযোগ্য হবে কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে সিদ্ধান্তে ত্রুটি থেকে যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের কেউ সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করে বাতিলের সুযোগ পেতে পারেন।

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় এবং কারখানাগুলোর আর্থিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিচ্ছে বোর্ড। এ জন্য সদস্যরা বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করছেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, দ্বিতীয় সভার পর বোর্ডের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় আকারের তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন গ্রেডের শ্রমিক, কর্মচারী ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তাঁরা।

বোর্ডের চেয়ারম্যান বলেন, পরিদর্শনে পাওয়া তথ্য নতুন মজুরি নির্ধারণের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। শুধু মালিক বা শ্রমিকপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে কারখানার বাস্তব পরিস্থিতি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সরেজমিনে যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।