গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের হাসপাতাল সড়কে দলীয় কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে একের পর এক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুর জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
তিনি প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনার পতনের পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পাচ্ছেন? নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
জামায়াতের এই নেতা আরও বলেন, অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। শুধু বিজিবি মোতায়েন কিংবা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না।
স্থানীয় সরকারব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এতে স্থানীয় সরকার নির্বাচনও অনিশ্চয়তার মুখে পড়ছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো রাজনৈতিক দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
গোপালগঞ্জে সংঘটিত সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
একই সঙ্গে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিলের আহ্বান জানান হামিদুর রহমান আযাদ। প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে জীবন দেয়নি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।
সমাবেশটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।



