tanaka
প্রচ্ছদজাতীয়গোপালগঞ্জে নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি পর্যালোচনা করে শনাক্ত করা হবে। পরে তাঁদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে প্রাণ না হারান। তবে বাহিনীর সদস্যদের আত্মরক্ষার প্রয়োজন হলে এবং পরিস্থিতি বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক হামলা ও নাশকতার ঘটনাগুলো তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা, স্থানীয় বিএনপিদলীয় একজন সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘আজকে কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি ও অঙ্গসংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, নাশকতাকারীরা সরকারকে উসকানি দিয়ে তাদের মতো করে রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যার পরিস্থিতি তৈরি করতে চায়। মিছিল-মিটিংয়ে সাধারণ মানুষ অংশ নিলে তাদের ওপর গুলি চালানো হোক, সেটিই তারা চায়। কিন্তু বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। জনগণ রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যাতে গুলিতে নিহত না হন, তা নিশ্চিত করতে চায় সরকার।

তিনি বলেন, ‘আমরা একটা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মরক্ষার প্রয়োজন হলে যথাযথ বল প্রয়োগ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার এখন পর্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং কোনোভাবেই অতিরিক্ত বল প্রয়োগের পক্ষে নয়।