tanaka
প্রচ্ছদসারাদেশটুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি ও থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি ও থানায় হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় বিএনপিদলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়ি, থানা ও কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা এসব হামলা ও অগ্নিসংযোগে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতার ঘটনায় মঙ্গলবার পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এর জেরে সন্ধ্যার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়। পরে সংগঠিত হয়ে একদল লোক টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেন। এ সময় আটক ব্যক্তিদের থানা থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

একই সময়ে হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও আগুন দেন। এ ছাড়া চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে স্টেশন থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা আগুন নেভাতে যেতে পারবেন।

এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।