ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও ফেরার স্বপ্ন দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার লক্ষ্য রয়েছে সান্তোসের এই ফুটবলারের। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে ফিটনেস ও মাঠের পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে তাকে।
সম্প্রতি জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন নেইমার। সোমবার (১৬ অক্টোবর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।
ফুরিয়ার সহ-সভাপতি হিসেবে ম্যাচটি উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। এ সময় তার সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে নিজের ফুটবল ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে গুয়েদেস নেইমারের কাছে জানতে চান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে নেইমার জানান, ওই বিশ্বকাপ পর্যন্ত খেলার ব্যাপারে তিনি আশাবাদী। একই সঙ্গে ব্রাজিলের জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছার কথাও প্রকাশ করেন।
পরবর্তী কোপা আমেরিকার আসর নিয়ে আলোচনার সময় গুয়েদেস ভুল করে ২০২৭ সালের কথা উল্লেখ করেন। যদিও টুর্নামেন্টটির পরবর্তী আসর ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। বন্ধুর এই ভুলের সূত্র ধরেই মজার ছলে আলোচনায় আসে ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারের প্রত্যাবর্তনের বিষয়টি।
এ সময় নেইমার বলেন, সান্তোসের সাদা জার্সিতে তাকে বেশি ভালো লাগে। তবে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতেও যে তাকে মানায়, সেটিও স্বীকার করেন তিনি। সতীর্থ আর্থারও মন্তব্য করেন, জাতীয় দলের জার্সিতে নেইমারকে দারুণ দেখায়।
আলোচনায় গুয়েদেস আরও বলেন, প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) থাকার সময়ের তুলনায় বর্তমানে বেশি ম্যাচ খেলছেন নেইমার। তার মতে, শারীরিক সক্ষমতা ধরে রেখে নিয়মিত মাঠে থাকতে পারলে ২০২৮ সালের কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ।
জাতীয় দলে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’
তার এই মন্তব্যে ব্রাজিলের জার্সিতে ফেরার প্রবল ইচ্ছা ফুটে উঠলেও জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আপাতত সান্তোসের হয়ে নিয়মিত খেলা এবং নিজের ফিটনেস ধরে রাখাই তার প্রধান লক্ষ্য। আগামী দিনগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ২০৩০ বিশ্বকাপে খেলার স্বপ্নও নির্ভর করবে তার শারীরিক সক্ষমতা ও মাঠের পারফরম্যান্সের ওপর।
জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগের ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সে সময় সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিলিয়ান এই তারকা।
সূত্র: গোল ডটকম



