জেমস বন্ড সিরিজের পরবর্তী চলচ্চিত্রে জনপ্রিয় ০০৭ চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে তিনি হতে যাচ্ছেন পর্দায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।
সোমবার (১৬ নভেম্বর) সিরিজটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে জেমস বন্ড সিরিজের আগের সব পোস্ট মুছে ফেলা হয়। এরপর প্রকাশ করা হয় ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তা।
পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে। সেখানে তাকে জেমস বন্ডের চিরচেনা কালো টাক্সেডো পরিহিত অবস্থায় দেখা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাটিনসনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রজগতের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭ হওয়ার সুযোগ পাওয়া তার জীবনের জন্য বড় সম্মানের। এই চরিত্রে অভিনয় করা স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু।
দীর্ঘদিন ধরে চলা বাছাইপ্রক্রিয়া শেষে প্যাটিনসনকে চূড়ান্ত করা হয়েছে। এ দৌড়ে আরও ছিলেন জশ ও’কনর ও ক্যালাম টার্নারসহ মোট পাঁচজন অভিনেতা। শুক্রবার থেকেই বন্ড চরিত্রে প্যাটিনসনের নাম আলোচনায় আসে। অন্য প্রতিযোগীদের তুলনায় তার জন্য চুক্তির শর্ত বেশি সুবিধাজনক হওয়ার খবর প্রকাশিত হলে তাকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়।
ড্যানিয়েল ক্রেগের শেষ জেমস বন্ড সিনেমা ছিল ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটির মাধ্যমে ০০৭ চরিত্রে পাঁচ পর্বের অভিনয়জীবনের ইতি টানেন তিনি। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে যাত্রা শুরু করেছিলেন ক্রেগ। তার অভিনীত ‘স্কাইফল’ বিশ্বব্যাপী আয় করেছিল ১১০ কোটি ডলার।
প্যাটিনসন অভিনীত নতুন সিনেমাটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’—এই দুটি অনানুষ্ঠানিক সিনেমা হিসাব করলে সিরিজটির মোট চলচ্চিত্রের সংখ্যা দাঁড়াবে ২৮টি।
নাম এখনো চূড়ান্ত না হওয়া সিনেমাটি অ্যামাজন-এমজিএম স্টুডিওর অধীনে নির্মিত প্রথম জেমস বন্ড চলচ্চিত্র হতে যাচ্ছে। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে সিরিজটির স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি।
নতুন ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। আর প্রযোজনা করবেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকাল।
২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রেও অভিনয় করেন তিনি।
এর আগে বড় পর্দায় জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান ও ড্যানিয়েল ক্রেগ। ১৯৬২ সালে ‘ড. নো’ চলচ্চিত্রের মাধ্যমে শন কনারির হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হয় এই জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের।
এ পর্যন্ত জেমস বন্ডের আনুষ্ঠানিক চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে মোট ৭৮০ কোটি ডলার আয় করেছে। সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র সিরিজগুলোর তালিকায় এর অবস্থান পঞ্চম।



