tanaka
প্রচ্ছদজাতীয়আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক সরবরাহ ২৪০ মেগাওয়াট

আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক সরবরাহ ২৪০ মেগাওয়াট

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হতে পারে এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপের সাহায্যে পানি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ।

শুরুর দিকে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে নিয়মিতভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে এবং উৎপাদনের পরিমাণ প্রায় ৩০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

তবে এর পরও কেন্দ্রটির নিরাপত্তা, কারিগরি দিক ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চলবে। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহের সব ধাপ সম্পন্ন হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ‘রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

অন্যদিকে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমতি দেওয়া হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে দুই দফায় সময় বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয়ও বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।