সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারী যুক্ত রয়েছেন কি না, তা নজরদারিতে রেখেছে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অতীতে অনেক মানুষ দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে শুধু অতীতে দলটির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা বর্তমানে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারি চাকরিতে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী দলটির সঙ্গে সম্পৃক্ত থাকলে তা গুরুতর বিষয়।
তিনি বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি উপদেষ্টা। তবে এ ধরনের তথ্য সংগ্রহের জন্য সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকারের নিজস্ব মেকানিজম ও পর্যাপ্ত হাতিয়ার রয়েছে। সরকার কোনো বিষয়ে তথ্য সংগ্রহ করতে চাইলে তা সংগ্রহ করতে পারে।
তবে কোন প্রক্রিয়ায় কিংবা কোন সংস্থার মাধ্যমে সরকারি কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি তিনি। গোপনীয়তার স্বার্থেই নজরদারির পদ্ধতি সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানান উপদেষ্টা।



