tanaka
প্রচ্ছদজাতীয়সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, কোন পদে কত টাকা বেতন?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, কোন পদে কত টাকা বেতন?

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। নতুন এই কাঠামোয় তিন বাহিনীর প্রধানদের সর্বোচ্চ মূল বেতন রাখা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অন্যদিকে সৈনিক, নাবিক ও বিমানবাহিনীর রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশনায় কমিশন্ড অফিসার থেকে শুরু করে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, নাবিক, বিমানসেনা এবং অন্যান্য পদমর্যাদার সদস্যদের বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং নতুন বেতন বাস্তবায়নের সময়সূচিও উল্লেখ করা হয়েছে।

বাহিনীপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের বেতন

নতুন বেতন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের মূল বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। অন্যদিকে মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদে বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

কমিশন্ড অফিসারদের মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা, লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মেজর পদে বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা করা হয়েছে।

জেসিও, সৈনিক ও অন্যান্য পদের বেতন

জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদমর্যাদার সদস্যদের জন্যও নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা রাখা হয়েছে।

অন্যান্য পদের মধ্যে সার্জেন্টের বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা এবং ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। আর নতুন নিয়োগপ্রাপ্ত রিক্রুটদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

তিন বাহিনীর পৃথক বেতন কাঠামো

সেনাবাহিনী: সেনাবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল পাবেন ১ লাখ ৬৪ হাজার এবং মেজর জেনারেল ১ লাখ ৫৬ হাজার টাকা। ব্রিগেডিয়ার জেনারেলের বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। এ ছাড়া অফিসার ক্যাডেটের নির্ধারিত মূল বেতন ২৩ হাজার টাকা।

নৌবাহিনী: নৌবাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। ভাইস অ্যাডমিরালের ১ লাখ ৬৪ হাজার এবং রিয়ার অ্যাডমিরালের ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কমডোরের বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং ক্যাপ্টেনের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

মাস্টার চিফ পেটি অফিসারের মূল বেতন ৪৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। নাবিকদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুটদের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৪০০ টাকা রাখা হয়েছে।

বিমানবাহিনী: বিমানবাহিনীপ্রধানের মূল বেতনও ১ লাখ ৭২ হাজার টাকা। এয়ার মার্শালের ১ লাখ ৬৪ হাজার, এয়ার ভাইস মার্শালের ১ লাখ ৫৬ হাজার এবং এয়ার কমডোরের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ক্যাপ্টেনের বেতন ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এসি-১ পদের বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা এবং রিক্রুট বা এসি-২ পদের প্রারম্ভিক বেতন ২১ হাজার ৪০০ টাকা রাখা হয়েছে।

নার্সিং সার্ভিসের সদস্যদের বেতন

সশস্ত্র বাহিনীর নার্সিং সার্ভিসের সদস্যদের জন্যও আলাদা বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেলের ৮৬ হাজার ৩০০ থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা এবং মেজরের ৫৮ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ক্যাপ্টেনের বেতন ৪৮ হাজার ৩০০ থেকে ৭৭ হাজার ৮০০ টাকা এবং লেফটেন্যান্টের ৪৬ হাজার ২০০ থেকে ৫৯ হাজার টাকা রাখা হয়েছে। এএফএনএস ক্যাডেটের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৪০০ টাকা।

কবে থেকে কার্যকর হবে নতুন বেতন?

নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে কয়েকটি ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পদ পর্যন্ত নতুন মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। অন্যদিকে সার্জেন্ট থেকে রিক্রুট পর্যায়ের সদস্যরা এ সময়ে নতুন মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম শ্রেণির পদগুলোতে নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং অন্যান্য পদে ৭৫ শতাংশ কার্যকর করা হবে।

সবশেষে ২০২৭ সালের ১ জুলাই থেকে সশস্ত্র বাহিনীর সব সদস্য শতভাগ নতুন মূল বেতন পাবেন। তবে বেতন-ভাতার অন্যান্য সুযোগ-সুবিধা ২০২৮ সালের জানুয়ারি থেকে সম্পূর্ণভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।

যেসব ভাতা বাড়ছে, যুক্ত হচ্ছে নতুন সুবিধা

নতুন বেতন কাঠামোয় মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেনারেল পর্যায়ে প্রতিরক্ষা সার্ভিস ভাতা ৭ হাজার ২০০ টাকা, কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য দৈনিক ১২১ টাকা হারে ঝুঁকি ভাতা দেওয়া হবে।

পাহাড়ি ও হাওর অঞ্চলে কর্মরত সদস্যরা মূল বেতনের ২০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

মোবাইল ব্যবহারের জন্যও নতুন ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। মেজর ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও তার নিচের পদে কর্মরতরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।

এ ছাড়া প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে বিশেষ আর্থিক সুবিধা যুক্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় সর্বোচ্চ দুই সন্তানের প্রত্যেকের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে