tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনতরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

শিক্ষার্থীদের প্রচলিত চাকরিনির্ভর মানসিকতা থেকে বের করে দক্ষ উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা কেবল চাকরির জন্য নিজেদের প্রস্তুত করবে না। বরং অর্জিত জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। একজন সফল উদ্যোক্তা নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করেন।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রস্তাবিত আর্থিক সহায়তার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সরকারি বরাদ্দ হিসেবে ৩০০ কোটি টাকা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে শুধু অর্থায়নই যথেষ্ট নয়। উদ্যোক্তাদের সফল করতে প্রয়োজন প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞদের পরামর্শ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ।

বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব সম্পর্কে ইউজিসি সদস্য বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেবল সনদ ও ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব ও স্টার্টআপ সহায়তা কার্যক্রম চালুর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

বর্তমান সময়ে কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। চাকরির সুযোগের অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ামিন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।