tanaka
প্রচ্ছদসারাদেশনুসরাতের বাবার বিরুদ্ধে মামলায় নতুন রহস্য, সাক্ষীরাই জানেন না অভিযোগের কথা

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলায় নতুন রহস্য, সাক্ষীরাই জানেন না অভিযোগের কথা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম ওরফে টম মাস্টারের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগে করা মামলা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মামলার এজাহারে সাক্ষী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কেউ কেউ মামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন। এমনকি কেন তাদের সাক্ষী করা হয়েছে, সে সম্পর্কেও কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তারা।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হালিম। তার দাবি, তাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হয়রানি করার উদ্দেশ্যেই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলাটি করা হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। মামলায় আব্দুল হালিমকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

সাক্ষী হিসেবে নাম, অথচ মামলার খবরই জানতেন না

রোববার (১৫ নভেম্বর) মামলার প্রথম দুই সাক্ষী মো. কালাম (৭০) ও মো. হালিমের (৫০) সঙ্গে কথা বলে তাদের অজ্ঞাত থাকার বিষয়টি সামনে আসে। তবে তৃতীয় সাক্ষী লিটন হোসেনের (৩০) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মামলার প্রথম সাক্ষী মো. কালাম জানান, ইদ্রিস আলী যে মামলা করেছেন, সে সম্পর্কে তার আগে কোনো ধারণাই ছিল না। রোববার মানুষের মুখে শুনে জানতে পারেন, মামলার এজাহারে তাকে এক নম্বর সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

কালাম আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী নিজেই গ্রাম ছেড়ে চলে যান। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ সময় স্ত্রীর অসুস্থতা নিয়েও ব্যস্ত ছিলেন তিনি।

দ্বিতীয় সাক্ষী মো. হালিমও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে জানতে পারেন, তাকে মামলার সাক্ষী করা হয়েছে। সরকারি চাকরির কারণে তিনি এলাকার বাইরে থাকেন। ফলে মামলা কিংবা এজাহারে উল্লেখ করা ঘটনার বিষয়ে তার কোনো কিছুই জানা নেই।

এজাহারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মামলার বিবরণে বাদী ইদ্রিস আলী দাবি করেছেন, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন তিনি। এরপর পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করেন। তবে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর আব্দুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এজাহার অনুযায়ী, হামলার সময় বাড়ির বেড়া, দরজা-জানালা, টিনের ছাউনি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ সময় বাড়ি থেকে তিনটি খাট এবং ১০ বান্ডিল টিনসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন বাদী।

ইদ্রিস আলীর আরও অভিযোগ, ঘটনার পর প্রতিকার চাইতে গেলে উল্টো তার বিরুদ্ধেই মামলা করা হয় এবং তাকে কারাগারে যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে তিনি জানতে পারেন, তার জমি দখল করা হয়েছে।

নিরাপত্তাহীনতা ও প্রাণভয়ের কারণে দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হওয়ায় এতদিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেছেন তিনি।

সব অভিযোগ অস্বীকার টম মাস্টারের

নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আব্দুল হালিম। তিনি জানান, গণমাধ্যমের মাধ্যমে ইদ্রিস আলী নামে এক ব্যক্তির করা মামলার বিষয়টি জানতে পেরেছেন।

আব্দুল হালিম বলেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি সম্প্রতি নিজের বাড়িতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে নতুন এই মামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।