tanaka
প্রচ্ছদজাতীয়সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত, শীর্ষ পর্যায়ে বড় রদবদল

সেনাবাহিনীর দুই কর্মকর্তা বরখাস্ত, শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। একই সময়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ দুই কর্মকর্তার বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীতে তাদের চাকরির অবসান ঘটবে।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ উল্লেখ থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ লেখা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরে সরকারও নির্ধারিত বিধান অনুসরণ করে কোনো সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার বরখাস্তের আদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ করে বলা হয়েছে, সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত থাকা অবস্থায় তাকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। তার ক্ষেত্রেও একই আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নতুন এই দায়িত্ব বণ্টনের আওতায় চারটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) শীর্ষ পদে পরিবর্তন এসেছে।

রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বিপসটের কমান্ড্যান্ট করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বিআইআইএসএসের মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) কর্মরত মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এ ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের এবং মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।