সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৮৫তম মিনিটে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানকে জয় এনে দেন আব্দুল সামাদ। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ২০০৫ সালে সর্বশেষ এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েও সেই অপেক্ষার অবসান ঘটাতে পারল না স্বাগতিকরা।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই সতর্ক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আক্রমণে আধিপত্য থাকলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। দুই দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল রাকিব হোসেনের সামনে। শমিত সোমের হেড থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের গোলরক্ষক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়েও কাজে লাগাতে পারেননি রাকিব। তার দ্বিতীয় শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের আব্দুল সামাদের একটি শটও পোস্টে লেগে প্রতিহত হয়।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সংগঠিত রক্ষণভাগ ভেদ করে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি হামজা চৌধুরীরা। ৫৬ মিনিটে বাংলাদেশের বল দখলের হার ছিল ৬৯ শতাংশ, বিপরীতে পাকিস্তানের ৩১ শতাংশ। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও সেই আধিপত্য গোলের সুযোগ তৈরিতে কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
সময় গড়ানোর সঙ্গে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে দুই দলই। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় পাকিস্তান। আদিল নবীর নেওয়া শটটি মানবদেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ।
তবে ম্যাচের শেষ দিকে এসে সেই শ্রাবণের ভুলেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৮৫তম মিনিটে আব্দুল সামাদের নেওয়া নিচু ও শক্তিশালী শট ঠিকমতো সামাল দিতে পারেননি তিনি। বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ মুহূর্তে আক্রমণের চাপ বাড়ালেও পাকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ফলে সাফের শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।



