tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা প্রকাশ, শীর্ষে গৌতম আদানি

ভারতের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা প্রকাশ, শীর্ষে গৌতম আদানি

রুপির দরপতন ও নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন করে ৩০ জন বিলিয়নিয়ার যুক্ত হওয়ায় দেশটির ধনকুবেরের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ২২৯ জনে। ফোর্বসের ২০২৬ সালের বিলিয়নিয়ার তালিকায় উঠে এসেছে এ তথ্য। তালিকা অনুযায়ী, ভারতের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

২০২৬ সালের ১০ মার্চ প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল ২০৫ জন। এক বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে ২২৯ জন। একই সময়ে ভারতীয় ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯৪ হাজার ১০০ কোটি ডলার থেকে বেড়ে ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

দেশটির শীর্ষ ১০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮০০ কোটি ডলারে। গত বছরের তুলনায় তাদের সম্পদ বেড়েছে ৩ হাজার ২০০ কোটি ডলার। ভারতের সব বিলিয়নিয়ারের মোট সম্পদের এক-তৃতীয়াংশেরও বেশি রয়েছে এই ১০ ব্যক্তি ও পরিবারের হাতে। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ফোর্বসের তালিকাতেও শীর্ষ ১০ ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ একই ছিল।

ভারতের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ও পরিবার

১. গৌতম আদানি

১১২ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনীর অবস্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গুজরাটের এই ব্যবসায়ীর ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত বন্দর, বিমানবন্দর, জ্বালানি ও আবাসন খাতে।

২. মুকেশ আম্বানি

৮৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তেল, গ্যাস, টেলিযোগাযোগ ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে তার ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে।

৩. সাবিত্রী জিন্দাল

৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদের মালিক সাবিত্রী জিন্দাল ভারতের তৃতীয় ধনী ব্যক্তি এবং দেশটির শীর্ষ ধনী নারী। ওপি জিন্দাল গ্রুপের নেতৃত্বে থাকা এই ব্যবসায়ী ইস্পাত, জ্বালানি, সিমেন্ট ও অবকাঠামো খাতের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত শিল্পপতি ওম প্রকাশ জিন্দালের স্ত্রী।

৪. লক্ষ্মী মিত্তাল

৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন ইস্পাতশিল্পের উদ্যোক্তা লক্ষ্মী মিত্তাল। আন্তর্জাতিক ইস্পাত ব্যবসায় তার দীর্ঘদিনের অবস্থান রয়েছে।

৫. সুনীল মিত্তাল

৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টেলিকম উদ্যোক্তা সুনীল মিত্তাল। তার প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের ভারত ও আফ্রিকায় ৬০ কোটির বেশি গ্রাহক রয়েছে।

৬. সাইরাস পুনেওয়ালা

ভারতের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সাইরাস পুনেওয়ালার সম্পদের পরিমাণ ২৮ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই সম্পদ নিয়ে তিনি তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

৭. শিব নাদার

২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে সপ্তম স্থানে রয়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা শিব নাদার। দেশটির প্রযুক্তিশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম।

৮. দিলীপ সাংভি

২৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদের মালিক দিলীপ সাংভি রয়েছেন অষ্টম অবস্থানে। তিনি ভারতের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা।

৯. কুমার বিরলা

২৩ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নবম স্থানে রয়েছেন আদিত্য বিরলা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিরলা। নিত্যপ্রয়োজনীয় পণ্য, সিমেন্ট, ধাতু ও অন্যান্য শিল্প খাতে তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত।

১০. হিন্দুজা পরিবার

২১ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্মিলিত সম্পদ নিয়ে শীর্ষ ১০-এর শেষ অবস্থানে রয়েছে হিন্দুজা পরিবার। ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের মাধ্যমে পরিবারটির ব্যবসা বিভিন্ন খাতে বিস্তৃত।